নীল রায়।
কংগ্রেস নেতা সন্ময় বন্দোপাধ্যায়ের (Sanmoy Banerjee) গ্রেফতারিতে বিতর্কে জড়িয়েছিল রাজ্য সরকার। তাই অস্বস্তি কাটাতে তড়িঘড়ি খড়দহ থানার আইসি অনিমেষ সিংহ রায়কে বদলি করা হল। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল খড়দহ থানার পুলিশ। জামিন পাওয়ার পরে সন্ময়ের অভিযোগ ছিল, খড়দহ থানায় তাঁকে হেনস্থা করা হয়েছিল।
ইচ্ছাকৃতভাবে শুধু পাজামা পরা অবস্থায় তাঁকে দীর্ঘক্ষণ চেয়ারে বসিয়ে রাখা হয়। পিঠে ঘুষি মেরে আঘাত করার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। জল খেতে দেওয়া হয়নি পুলিশি হেফাজতে। গভীর রাতে তাঁকে অনৈতিক ভাবে পুরুলিয়া (Purulia) থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল খড়দা থানার পুলিশ। এমনিতেই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর কংগ্রেস (Congress), সিপিএম (CPM) ও বিজেপি (BJP) একযোগে শাসকদলের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ তুলেছিল। গ্রেফতারির পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।
মনে করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতেই খড়দা থানার আইসি অনিমেষ সিংহ রায়কে সরিয়ে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করল পশ্চিমবঙ্গের শাসকদল। হাওড়া (Howrah) পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর হিসেবে পাঠানো হয়েছে অনিমেষ সিংহ রায়কে। তাঁর বদলে খড়দহ থানার আইসি হচ্ছেন ব্যারাকপুর (Barrackpur) পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর সুজিত ভট্টাচার্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news