নীল রায়।
গতকাল সাংসদ অভিনেতা দেব (Dev) টুইট করে বাংলা ছবির পাশে থাকার অনুরোধ করেছিলেন। টুইটের ২৪ ঘন্টার মধ্যেই সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ( ইমপা )-র সভাপতিকে নবান্ন (Nabanna) থেকে একটি চিঠি দিয়ে জানানো হল, দুর্গাপুজোর সময় বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পাবে। তাই বাংলা ছবিগুলোকে যেন পর্যাপ্ত সংখ্যার প্রেক্ষাগৃহ দেওয়া হয়। বিষয়টি দেখতে হবে ইমপাকে। চিঠিতে আরও জানানো হয়েছে, এই সিদ্ধান্তের কথা তারা যেন রাজ্যের সব হল মালিকদের জানিয়ে দেন।
সরকারের এই নির্দেশিকার পরেই টুইট করেন দেব। তিনি লেখেন, “আমি আবেদন করেছিলাম, কেবল আমার ছবির জন্য নয়, বাংলা সিনেমার জন্য। বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা সিনেমার পাশে থাকার জন্য। দিদিকে ধন্যবাদ ,অনেক ধন্যবাদ রাজ্য সরকারকে, তাঁরা ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ level playing ground টা দিন,আমরা লড়ে দেখিয়ে দেবো। বাংলা ছবির পাশে থাকুন।”
প্রসঙ্গত, গতকাল টুইট করে দেব লিখেছিলেন, “আমি গর্বিত বাংলার সাহিত্য, কবিতা, গান, বাংলার জীবনযাপন নিয়ে। আর যা কিছু বাংলার, যা কিছু বাঙালির, তাই নিয়েই বাংলা সিনেমা। বাংলাকে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আসুন আমরা সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়াই। এই মুহূর্তে এটাই সবথেকে জরুরি কাজ।” এবারের শারদোৎসবের মরসুমে দেবের ‘পাসওয়ার্ড’ (Password) ছাড়া মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, ‘গুমনামী’ ও কোয়েল মল্লিক (Koel Mullick) অভিনীত ‘মিতিন মাসি’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news