দেবক বন্দ্যোপাধ্যায়
:
তৃণমূলে পঞ্চপাণ্ডব কারা যাঁরা বাসুদেব মুকুলকে যুগ পরিবর্তনে সহযোগিতা করছেন!
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং-এর কিল মমতা বন্দ্যোপাধ্যায় হজম করেছিলেন। কিল খেয়ে কিল হজম করা ছাড়া সেই সময় সম্ভবত আর কোনও উপায় ছিল না তাঁর। কৌশলগতভাবেও সম্ভবত তিনি ছিলেন সঠিক। কারণ ধিকিধিকি আগুনকে খুঁচিয়ে বাড়িয়ে দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
ভোট বিশেষজ্ঞরা সেই সময় হিসেব করে বার করেছিলেন যে মোট পাঁচজন সাংসদ ও দশজন বিধায়ক ক্রস ভোট করেছেন। দলের মধ্যে এর অনুসন্ধান হয়েছে নাকি দেখেও না দেখে বা বুঝেও না বুঝে মুখ ফিরিয়ে থাকা হয়েছে, সে খবর প্রকাশ পায়নি। ক্রস ভোটিং-এর ক্ষত বিনা মলমেই পড়ে আছে! হতে পারে মলম লাগানো হয়েছে কিন্তু সে মলমে ব্যমো সারল কিনা সেই খোঁজ আর নেওয়া হয়নি! ‘বাসুদেব’ মুকুল যুদ্ধ শুরুর শঙ্খ বাজিয়ে দিতেই একে একে সেই পাঁচ সাংসদ, থুড়ি পঞ্চপাণ্ডব মুকুলের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁরা বলছেন, সেদিনের পঞ্চপাণ্ডবে আর এখনকার পঞ্চপাণ্ডবে কিছু বদল ঘটেছে। সংখ্যা এক থাকলেও মুখের পরিবর্তন হয়েছে। সেদিনের ক্রস ভোট করা এক সাংসদ হঠাৎ করেই লাইন বদল করেছেন। তবে তাঁর জায়গা পুরণ করেছেন আর একজন। পর্যবেক্ষকদের কাছে এই নতুন পাণ্ডবের আবির্ভাব কিছুটা অপ্রত্যাশিত। এমন নয় যে তিনি তাঁর বর্তমান অবস্থানে খুশি। তবে মুকুলের সঙ্গে তাঁর বা তাঁর অতি ঘনিষ্ঠদের সদ্ভাব নেই। তার চেয়েও বড় কথা, তিনি না হলেও তাঁর অতি ঘনিষ্ঠ এক সাংসদ বিজেপিতে যেতে চান তবে মুকুল মারফৎ যেতে তাঁর আপত্তি আছে। মূলত এই কারণেই, প্রবীন এই সাংসদ যখন মুকুলের দিল্লির ঠিকানায় লাড্ডু পাঠিয়েছেন, তখন তা অনেককেই বিস্মিত করেছে। রাজনৈতিক এই পঞ্চপাণ্ডবে একজন মহিলা সদস্যও আছেন। আছেন আরও দুই যুবা ও একজন প্রৌঢ়। বাসুদেব, থুড়ি মুকুলের তৈরি মায়াজালে এঁদের এখনও দেখা যাচ্ছে না ঠিকই তবে এঁরা আছেন।
তবে এখানেই শেষ নয়। ১০ জন বিধায়ক তো আছেনই, যাঁরা ক্রসভোট করেছিলেন, এখন সংখ্যাটা আরও বেশি যাঁদের সঙ্গে নেহাতই ক্রস কানেকসন হয়ে মুকুলের ফোনে কল হয়ে যাচ্ছে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news