নিজস্ব প্রতিনিধি।
তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর রাজ্যসভা ভোট (Rajyasabha Election) নিয়ে রাজনৈতিক মহলে অঙ্ক কষা একপ্রকার শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার বিজেপি (BJP) নেতা মুকুল রায়ের করা একটি মন্তব্যকে ঘিরে আবারও রাজ্যসভা নির্বাচন নিয়ে সরগরম হল রাজ্য রাজনীতি। এদিন রাজ্যের করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে আসে তৃণমূলের এক প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী।
সেখানেই রাজ্যসভা ভোট সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুকুল রায় (Mukul Roy) বলেন, “আগামীকাল মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হয়ে গেলেই এরা প্রত্যেকেই অফিসিয়াল ভাবে নির্বাচিত ঘোষণা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের একটা সুপারভিশন ছিল মনোনয়নপত্রগুলি দেখার জন্য। কিন্তু, দীর্ঘক্ষণ যে টালবাহানা চলেছে, এটাও নির্বাচন কমিশনকে আমরা দেখতে অনুরোধ করব যে কোনো চাপ ছিল কিনা।”
প্রসঙ্গত, বিধানসভা, লোকসভা কিংবা রাজ্যসভা ভোট করতে কেন্দ্রীয় সরকারকে আস্থা রাখতে হয় সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের ওপর। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ভোট পর্ব পরিচালনার সময় সরকারী আধিকারিকদের ওপর কোনও চাপ শাসক দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বলেই ঘুরপথে অভিযোগ করেছেন মুকুল রায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল ঘোষিত হয় একেবারে শেষ মুহূর্তে। সমস্যা তৈরি হয়েছিল মৌসম বেনজির নুরের মনোনয়নের ক্ষেত্রেও। তবে মনোনয়নপত্র নির্ভুল প্রমাণিত হওয়ায় রাজ্যসভায় যাওয়া নিশ্চিত করেছেন মৌসম। এক্ষেত্রেও কী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রভাব কাজ করেছে ? প্রশ্ন তুলে কৌশলে অভিযোগের আঙুল তুলেছেন মুকুল রায়। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news