Breaking News
Home / TRENDING / তৃণমূলের জোড়া শঙ্করের জেলায় মুকুলকে দেখতে মানুষের ঢল

তৃণমূলের জোড়া শঙ্করের জেলায় মুকুলকে দেখতে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা

গৌরীশঙ্কর দত্তের বাড়িতে একটি লাইব্রেরী আছে। বইয়ের কদর যাঁরা বোঝেন তাঁরা বলেন, এই গৃহ-গ্রন্থাগার যে কোনও বিদ্যানুরাগীর কাছেই ঈর্ষনীয়। একদা কংগ্রেস নেতা গৌরীশঙ্কর নাকি শঙ্করের সঙ্গে ইগোর লড়াইয়ের পরিণামে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। শঙ্কর মানে রাণাঘাটে সিংহের বাগানের সিংহাসনে অধিষ্ঠিত শঙ্কর সিংহ। বামপন্থা নিয়ে বিশদ পড়াশোনা ও উপলব্ধি থাকলেও তাঁকে মাথার ওপর বসিয়ে কংগ্রেস করতে গৌরীর নাকি আত্মসম্মানে লাগত। এইসব কাহিনী এখন অতীত। কালের নিয়মে গোপাল ভাঁড়ের জেলায় এখন দুই শঙ্করই একই শিবিরে। এক সময় মনে করা হত সিংহ কোনও দিন ঘাস খাবে না। তা না খাক, শেষ পর্যন্ত ঘাস সিংহকে খেয়েছে! শঙ্কর নাম লিখিয়েছেন তৃণমূলে। তিনি বলছেন, তাঁর বাস্তব বোধ তাঁকে তৃণমূলে এনেছে। তবে অনেকে বলেন বোধ না ব্যবসা। তাঁর বিশাল ব্যবসার নিরাপত্তা চিন্তাই তাঁকে ঘাসফুলে টেনে এনেছে।
মজার বিষয় হল শঙ্করের তৃণমূলে আগমনের সূত্রপাত যাঁর হাতে ঘটেছিল তিনি এখন বিজেপিতে। তিনি এখন মমতার চ্যালেঞ্জার। তিনি মুকুল রায়। আর কংগ্রেস ছেড়ে এসে গৌরীশঙ্কর কিন্তু মমতার দলটি করতেন সরাসরি মুকুলের নেতৃত্বেই। তৃণমূল কংগ্রেসে তিনি মুকুল ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত ছিলেন। তবে মুকুল যখন থেকে পাকাপাকি ভাবে তাঁর রাজনীতির স্টিয়ারিং বিজেপির দিকে ঘুরিয়েছেন, তখন থেকেই আর পাঁচজন তৃণমূল নেতার মতো রীতিমত আকাদেমিশিয়ান গৌরীও দিদি ভোলানো ছড়া আওড়াতে শুরু করেছেন! বলছেন, মমতার নাম করে মুকুল যা ইচ্ছে তাই করত দলের মধ্যে। বলছেন, মুকুল আসলে কিচ্ছু না। মমতার আলোয় ও আলোকিত ছিল।
শুক্রবার মুকুল রায় নদিয়া সফরে গেছেন। পঞ্চায়েত ভোটের আগে মুকুলের জেলা সফরের কর্মসুচি রয়েছে। তবে এই সফরে মুকুলকেও যা অবাক করছে, তা হল মানুষের ঢল। তেহট্ট থেকে বেথুয়াডহরি, এদিন মুকুল যেখানেই গেছেন কাতারে কাতারে মানুষ ছুটে এসেছেন তাঁকে দেখতে। কিন্তু কেন! মুকুল তো জননেতা নন। তিনি সংগঠক, তিনি নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট। তবে এত মানুষ কেন? মুকুল রায় নিজেও আপ্লুত। নিজেই বলছেন, মানুষ আমাকে এত ভালবাসে আগে বুঝিনি। নদিয়ায় তাঁর যাওয়ার পথ, তাঁর নামে, তাঁর ছবিতে ঢাকা। মুকুল বলছেন, কোনও এক সময় এই সব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ছিলাম। আজ ওঁরা আমার পাশে দাঁড়াচ্ছে।
দুই শঙ্করের জেলায় মুকুলের যাত্রাপথে
কেন এমন অনুরাগের ছোঁয়া!
উত্তর নেই!
শঙ্কর চুপ। গৌরীশঙ্কর বলছেন, মুকুল ঘর মোছার নেতা। অন্যদিকে, মুকুলের সভা, মুকুলের যাত্রাপথ ভরিয়ে তুলছেন সাধারণ মানুষ।
এ কিসের ইঙ্গিত!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *