নীল রায়:
“মুকুল এফেক্ট” তৃণমূলে ! যার জেরে বাদের তালিকায় থাকা অনেক সাংসদই আবার টিকিট পেয়ে যাবেন বলেই সূত্রের খবর। সম্প্রতি তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার প্রথম ভাগে তেড়ে আক্রমণ করেছিলেন একদা ঘনিষ্ট নেতা মুকুল রায়কে। নাম না করলেও বেশ কয়েক বার “গাদ্দার” শব্দের উচ্চরণ করেন তিনি। উপস্থিত নেতারা বুঝে যান কার উদ্দেশ্যে এমন মন্তব্য করছেন দলনেত্রী। সূত্রের খবর, ওইদিনই মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রসঙ্গে জানিয়ে দেন, “প্রার্থী তালিকার ক্ষেত্রে দু’এক জায়গায় সমস্যা রয়েছে, যা কথা বলে মিটিয়ে নেওয়া হবে।”
সূত্রের কথায়, বাদের তালিকায় পরে গিয়েছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাতুয়া, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আরামবাগের অপরূপা পোদ্দার, পুরুলিয়ার মৃগাঙ্ক মাহাতো, ঝাড়গ্রামের উমা সোরেন, কোচবিহারের পার্থপ্রতীম রায়, আলিপরদুয়ারের দশরথ তিরকে প্রমুখ। কিন্তু ওইদিনই বেশকিছু সাংসদকে দিদি স্বয়ং টিকিট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলেই সূত্রের খবর। তাই খোশ মেজাজে তাঁরা এলাকায় এলাকায় অঘোষিতভাবে প্রচারে নেমে পড়েছেন বলেই জানা যাচ্ছে। কারণ যে দু একটি আসনে প্রার্থী বদলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তা তৃণমূল পরিবারের অনেকেরই জানা। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আগেই বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বদলে ওই আসনে প্রার্থী হতে পারেন কোতলপুরের বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা কিংবা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এছাড়া কৃষ্ণনগরে প্রার্থী বদলের কথা সকলেই জানেন। সেখানকার অভিনেতা সাংসদ তাপস পালের কাজে মুখ্যমন্ত্রী থেকে এলাকাবাসী, কেউই খুশী নন। আর বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের পর ওই আসনে অসিত মালের প্রার্থী হওয়া পাকা। এছাড়া তৃণমূলের প্রার্থী তালিকায় খুব বড় রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে। তার কারণ অবশ্যই মুকুল রায়।
২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে ভোট পরিচালনার গুরুদায়িত্ব ছিল মুকুল রায়ের কাঁধে। তাই তৃণমূলের অন্দর মহলের সব কৌশল তাঁর ভালোভাবে জানা। এছাড়া প্রার্থী বদল হলে বাতিল সাংসদরা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়ে মুকুলের শক্তি বৃদ্ধি করতে পারেন। তাছাড়া ভোট পরিচালনার ক্ষেত্রে মুকুলের ক্ষুরধার বুদ্ধি তৃণমূল নেত্রীর অজানা নয়। তাই প্রার্থী বদল কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হতে পারে তৃণমূলের দৃষ্টিকোণ থেকে, বিপরীতে ফায়দা বিজেপি তথা মুকুলের, এমনটাই মত নেতৃত্বের। তাই মনে করা হচ্ছে “মুকুল এফেক্ট”এর কারণে ১০-১২ জনের বদলে, ২-৩ জন সাংসদকে টিকিট না দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করবেন ‘দিদি’!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news