নিজস্ব প্রতিনিধি :
অডিয়ো ফাঁস কাণ্ডে আবার দিল্লি উচ্চ আদালতে মামলা করলেন মুকুল রায়। মঙ্গলবার রাজ্য পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। আপাতত পরপর দুটি ফোনালাপ ফাঁস হয়েছে। দুটিতেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলাপরত মুকুলের অডিয়ো ফাঁস হয়েছে। যে বা যারা এই অডিয়ো ফাঁস করেছে তারা অডিয়ো ক্লিপটিতে লিখিত আকারে দাবি করেছে যে মুকুলের ঘনিষ্ঠ এক সহকারী এই কাণ্ডটি করেছেন। মুকুলের দাবি এই কাজ করেছে রাজ্য পুলিশ। এর আগে দিল্লি উচ্চ আদালতে রাজ্য পুলিশ হলফনামা দিয়ে জানিয়ে ছিল তারা মুকুলের ফোন ট্যাপ করে না বা কখনও করেনি। অডিয়ো ফাঁস কাণ্ডে মুকুল প্রথম থেকেই বলছেন এই ঘটনায় প্রমাণ হল তখন আদালতের কাছে মিথ্যে হলফনামা দিয়ে ছিল রাজ্য।
এদিন সেই মর্মেই মামলা দায়ের করলেন মুকুল রায়।
তবে এরই মধ্যে বেশ কয়েকটি মহলে রটেছে যে চাণক্য মুকুল নিজেই নিজের অডিয়ো ফাঁস করিয়েছেন। তৃণমূলকে চাপে ফেলার কৌশল হিসেবেই নাকি তিনি এইসব করেছেন। অন্যদিকে আর একটি মহলের বক্তব্য একেবারে ভিন্ন। প্রযুক্তি বিশেষজ্ঞ এই মহলের মতে এটি ট্যাপ করার ঘটনা নয়। এটি হ্যাক করার ঘটনা। তাদের মতে পুণে এবং ব্যাঙ্গালোরের কয়েকজন হ্যাক বিশেষজ্ঞদের দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে রাজ্যের শাসকদল।
মুকুলকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে নয়াদিল্লি থেকে টেলিফোনে তিনি বলেন, “আমি মামলা করেছি। সত্য যাই হোক তা প্রকাশ্যে আসুক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news