ওয়েব ডেস্ক:
এবার সহায়ক শিক্ষকদেরও বেতন বাড়াল রাজ্য। প্রাথমিক শিক্ষকদের পর বেতন বাড়ান হল এসএসকে এবং এমএসকে শিক্ষকদের। এতদিন এসএসকে শিক্ষকদের বেতন ছিল ৫৯৫৪ টাকা, এবার তা বেড়ে হল ১০ হাজার টাকা। অন্যদিকে এসএসকে প্রধানরা পাবেন ১০,৩৪০টাকা। এইসঙ্গে এমএসকে শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১৩ হাজার টাকা। এমএসকের প্রধানরা এবার মাসিক বেতন পাবেন ১৪ হাজার টাকা।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী সোমবার সকালে বৈঠক করেন এসএসকে ও এমএসকের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানান। বেতন বৃদ্ধির পাশাপাশি একাধিক সুবিধাও পাবেন এবার সহায়ক শিক্ষকরা। এতদিন পঞ্চায়েতের অধীনে ছিলেন এসএসকে এবং এমএসকের সহায়ক এবং সম্প্রসারকরা। এবার রাজ্যের শিক্ষা দফতরের অধীনে আনা হচ্ছে তাঁদের।
অতএব, এতদিনে রাজ্য সরকার সহায়ক, সম্প্রসারকের পদ থেকে শিক্ষকের মর্যাদা দিল এসএসকে এবং এমএসকে শিক্ষকদের। জানা গিয়েছে, এবার থেকে সাধারণ শিক্ষকদের মতোই যাবতীয় সুবিধা পাবেন সহায়ক শিক্ষকরা।
কিছুদিন আগেই বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন এমএসকে এবং এসএসকের প্রার্থীরা। তাঁরা তাঁদের দাবিতে সোচ্চার হন। বেতন বাড়ায় ও সম্প্রসারক, সহায়কের পদ থেকে শিক্ষকের মর্যাদা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news