নীল রায়। মণিরুল ইসলামকে বহিষ্কারের পথে যাচ্ছে না রাজ্য বিজেপি। তাঁর ইস্যুতে আপাতত ধীরে চলো নীতি পদ্ম শিবিরের। মঙ্গলবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে বিজেপির অভ্যন্তরীণ এক সাংগঠনিক বৈঠক হয়। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য নেতাদের সঙ্গে বিভিন্ন জেলার সভাপতি ও সাংসদ, বিধায়করা হাজির ছিলেন এই বৈঠকে। সেখানেই ওঠে মণিরুল প্রসঙ্গ। দলের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক রামলাল কার্যত বুঝিয়ে দেন মণিরুল ইসলামকে নিয়ে বড় কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না। সূত্রের খবর, রামলাল বলেছেন, “দলের কোনও সিদ্ধান্ত নিয়ে এতটা অসহিষ্ণু হওয়া ঠিক নয়। অনেক সময়েই রাজনীতির স্বার্থে অনেককে দলে নিতে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিবাদে নামা ঠিক নয়।” লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম যোগ দেন বিজেপিতে। তারপরেই তোলপাড় হয় রাজ্য বিজেপির অন্দরমহল। বীরভূম জেলা
নেতৃত্ব বিজেপির রাজ্য নেতাদের জানিয়ে দেন লাভপুরের বিধায়ককে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। কারণ একাধিক খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তাঁর। এমন পরিস্থিতিতে মণিরুল প্রকাশ্যে মুখ খোলেননি বলে খুশি বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবিষয়ে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে কথা বলেছেন রামলাল। তারপর সিদ্ধান্ত হয়েছে মণিরুল নিয়ে ধীরে চলো নীতি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, মণিরুল ইসলামের কোনও ইস্তফা তাঁর কাছে আসেনি। রাজনৈতিক মহলের মতে, মণিরুল বিজেপি শিবিরে আশ্রয় চাইতে এসেছেন। এমন একজন আশ্রয়প্রার্থী বিধায়ককে দল থেকে বহিষ্কার করা হলে ভুল বার্তা যেতে পারে। ফলে তৃণমূলের অন্দরমহলে যে ভাঙ্গন বিজেপি ধরাতে চেয়েছিল, সেই রণনীতিতে ধাক্কা খেতে পারে। তাই আপাতত মণিরুল ইসলাম ইস্যুকে ঠাণ্ডা ঘরে পাঠিয়ে বিষয়টি থেকে নজর ঘোরাতে তৎপর গেরুয়া শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news