চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কারও ভুলের জন্য গোটা একটা সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয়, বললেন সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার এক অনুষ্ঠানে তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) নাম না করে তিনি বলেন যে, কোনও সম্প্রদায়ের প্রতি করোনা ছড়ানোর জন্য বিরুদ্ধ মনোভাব রাখা উচিত নয়। কিছু লোকের ভুলের জন্য পুরো সম্প্রদায়কে দোষারোপ করা ঠিক নয়। এখন জাতিধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর সময়। নাগপুর থেকে অনলাইন এক ভাষণে তিনি আরও বলেন যে ১৩০ কোটি ভারতীয় একই পরিবারের। এই সময় সব ভুলে উচিত একে অন্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া। প্রসঙ্গত দেশে করোনা ছড়ানো নিয়ে সাম্প্রতিককালে তবলিঘ-ই-জামাতের দিকে আঙুল উঠেছে বারবার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও বলেছে দেশে অধিকাংশ করোনা সংক্রমণের জন্যই দায়ী জামাত।
মোহন ভাগবত কিন্তু এই সব বিষয়ের দিকে না গিয়েই তাঁর বক্তব্যে একটা কথা পরিষ্কার করেছেন যে দুই ধর্মেরই পরিণত মনস্ক মানুষের এই দুঃসময়ে একে অপরের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত। শুধু তাই নয় মহারাষ্ট্রের পালঘরের ঘটনার জন্যও তিনি পরোক্ষে দায়ী করেছেন পুলিশকেই। তাঁর মতে, গ্রামের মানুষের উচিত হয়নি আইন নিজের হাতে তুলে নেওয়া। ভাগবত এদিন সাধারণ মানুষকে করোনার নির্দেশাবলী মানতে অনুরোধ করেন। সেই সঙ্গে তিনি বিজেপি সরকারের প্রশংসা করে বলেন যে যথাসময়ে লকডাউনের সিদ্ধান্ত দেশকে অনেক বড় বিপদের থেকে বাঁচিয়ে দিতে পারবে বলে আশা করা যায়। তিনি এদিন বলেন আরএসএস সারা দেশে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে ৩৩ লাখ রেশন সামগ্রী, ২ কোটি খাবার প্যাকেট বিলি করা হয়েছে। করোনাত্তর পর্বে দেশীয় শিল্পর অগ্রগতির দিকেও নজর দেওয়া উচিত বলে এদিন জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news