চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর সঙ্গে কথা হয় তাঁর। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে পারস্পরিক সহযোগিতার কথা বলার ফাঁকে রাজ্যের জন্য বাজেট নিয়ন্ত্রণ আইনের নিয়ম শিথিল করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পাঁচ শতাংশ বাজার থেকে ঋণ নেওয়ার অনুমতি চেয়ে আর্জি জানান মুখ্যমন্ত্রী। এখন এসজিডিপি’র সর্বোচ্চ তিন শতাংশ ঋণ নিতে পারে রাজ্য। নবান্নের দাবি পূরণ হলে চলতি আর্থিক বছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়া যাবে। আর সেটা হলে রাজ্যের আর্থিক সঙ্কট কাটানো সহজ হবে বলে প্রধানমন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মোদী কিছু আশ্বাস না-দিলেও বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
প্রশাসনিক মহলের মতে, কেন্দ্র হয়তো ১৪ এপ্রিলের পরে আরও কিছু দিন লকডাউন করতে পারে। কারণ, স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতে করোনার প্রকোপ মারাত্মক আকার নিতে পারে এপ্রিলের শেষ সপ্তাহে। তাই মোদী করোনা মোকাবিলায় রাজ্যের উদ্যোগে সন্তোষ প্রকাশের পাশাপাশি মমতাকে জানান, দেশের অবস্থা এখনও যথেষ্ট গুরুতর। লকডাউন ও তা থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্যের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে ও সমন্বয় রেখে চলতে চায় কেন্দ্র।
প্রধানমন্ত্রীর পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন এস. জয়শঙ্কর (S. Jayshankar)। বৃহস্পতিবার অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে এক দফা কথা বলেছিলেন তিনি। নবান্ন জেনেছে, কয়েক জন জেলাশাসকের সঙ্গে বিদেশমন্ত্রী সরাসরি কথা বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী জয়শঙ্করকে বুঝিয়ে দেন, করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সহযোগিতাই করবেন তিনি। কিন্তু বিদেশমন্ত্রী সরাসরি জেলাশাসকদের ফোন না-করে যদি মুখ্যসচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, তা হলে সব দিকই বজায় থাকে। বিদেশমন্ত্রীর পরেই মমতাকে ফোন করেন অমিত শাহ (Amit Shah)। লকডাউন প্রসঙ্গে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় প্রতিষ্ঠান, বিমানবন্দর, সেনা ছাউনির মতো গুরুত্বপূর্ণ এলাকা, সীমান্ত ইত্যাদি নিয়ে আলোচনা হয়। কথা প্রসঙ্গে লকডাউন বাস্তবায়িত করতে প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপত্তা দিতে যে রাজি, সে কথাও জানিয়ে রাখেন শাহ। প্রসঙ্গত, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্যোগী হয়ে বুলবুল ঝড়ে রাজ্যের পাওনা ১০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news