নীল রায়
একদিন আগেই দেউচা পাচমি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপর দিনই বৃহস্পতিবার সেই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সংশয় প্রকাশ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে, বীরভূমের ডেউচা পাচামিতে কয়লা ব্লক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। পুজো মিটলে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
বিজেপি সাংসদ লিখেছেন, “আমার মনে হয়, দুর্গাপুজোর পরে ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে আপনার উপস্থিতি সব রকমের ভুল বার্তা দিতে পারে।’’ স্বপন দাশগুপ্তর চিঠিতে ব্যাখ্যাও দিয়েছেন। দু’পাতার চিঠিতে রাজ্যসভার সাংসদ লিখেছেন, “দেউচা পাচামি প্রকল্পের পরিকল্পনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব কেমন হতে চলেছে, তা এখনও খতিয়ে দেখাই হয়নি। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি।” স্বপন আরও লিখেছেন, “যে এলাকায় এই কয়লা পাওয়া গিয়েছে। সেটি আদিবাসী প্রধান। গত কয়েক বছর ধরেই সেই আদিবাসীরা এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। আদিবাসীদের তথা ওই এলাকার বাসিন্দাদের উপযুক্ত পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা বা নীতিও যে এখনও তৈরি হয়নি।”
সঙ্গে বীরভূমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথাও স্বপন দাশগুপ্ত লিখেছেনছেন প্রধানমন্ত্রীকে। তিনি লিখেছেন, ‘‘সম্প্রতি বীরভূম জেলা রাজনৈতিক হিংসার গ্রাসে চলে গিয়েছে। এবং পুলিশি অত্যাচারের গুরুতর অভিযোগ উঠেছে। জমি হাঙররাই এই হিংসার কারিগর বলে সন্দেহ তৈরি হয়েছে।’’ এই সব কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণ স্বীকার করার আগে ভাল ভাবে পরিস্থিতি বিবেচনা করা উচিত বলে নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন স্বপন দাশগুপ্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news