নীল রায়:
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে ‘গদাবাবু’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লালগড়ের পর আজ খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বক্তব্য রাখেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর (সদর) বিধানসভা আসনে জিতেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই কথা স্মরণ করিয়ে মমতার প্রশ্ন, ‘আপনারা জিতিয়েছিলেন। এবার বলুন তো, তিন বছরে একটাও কাজ করেছেন উনি? বড় বড় কথা বলে খালি। কাজের কাজ করে না। একটাই কাজ করেছেন উনি, শুধু গদা হাতে ঘুরে বেড়ান।’ বাঁকুড়া, পুরুলিয়ার পর খড়গপুরে জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর মোদিবাবুরা হারাতঙ্কে ভুগছেন।’ মোদির আমলেই, ‘দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর সভায় বিশৃঙ্খলাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা বলে আমরা নাকি মিটিং করতে দিই না। কে বলেছে, আপনি করুন। এক হাজারটা মিটিং করুন। আপনার মিটিংয়ে কয়েকটা লোক আসে, আর চেয়ার ছোঁড়াছুড়ি করে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঁকুড়া ও পুরুলিয়ার জনসভা থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস দলটিকে কয়লা মাফিয়া, তোলাবাজ ও চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে আক্রমণ করেছেন, তাতে মুখ্যমন্ত্রী যে বেজায় খাপ্পা তা সভায় বার বার বোঝা গিয়েছে তাঁর মেজাজ হারানোয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news