নীল রায়:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনারকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ তুলে চিঠি দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। চিঠিতে দাবি করা হয়েছে, যেভাবে ভোটের প্রচার শেষ হয়ে যাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নিজের কেদারনাথ যাত্রাকে প্রচার মাধ্যমে তুলে ধরেছেন, তা নির্বাচন বিধি ভঙ্গের শামিল। তাই অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। ওই চিঠিতে ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, শুধু কেদারনাথে গিয়ে পুজো দেওয়া নয়, কেদারনাথের মন্দির নির্মাণ কাজের কথা বলে ঘুরপথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন কেন্দ্রীয় শাসক দল যাতে সপ্তম দফা নির্বাচন প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ না করে। এদিন আরও একধাপ এগিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তৃণমূল।
প্রসঙ্গত, শনিবার কেদারনাথ যাত্রার পর রবিবার বদ্রিনাথ যাওয়ার কথা নরেন্দ্র মোদির। তৃণমূল নেতৃত্বে আশঙ্কা ভোটের দিন প্রধানমন্ত্রীর বদ্রিনাথ যাত্রা ফলাও করে প্রচার করতে পারে জাতীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলি। তাতে প্রভাব পড়তে পারে ভোটারদের মধ্যে। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন তারা। তাদের লক্ষ্য ভোটের দিন প্রধানমন্ত্রী বদ্রিনাথ যাত্রার সম্প্রচার বন্ধ করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news