নীল রায়:
“২৩ মে ফের মোদি সরকার ক্ষমতায় এলে চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের জেলে পুরব।” বুধবার নদীয়া জেলার তাহেরপুরে নির্বাচনী জনসভা করতে এসে এমনই হুংকার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “আজ ২৪ এপ্রিল। আজ থেকে একমাস পর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। আজ থেকে একমাস পর কেন্দ্রে মোদি সরকার এলে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত সমস্ত নেতাদের জেলে ভরা হবে।” সারধা, নারদা, রোজভ্যালি ইত্যাদি কেলেঙ্কারির নাম করে তৃণমূল নেতৃত্বকে জেলে পোড়ার হুমকি দেন মোদি।
নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা তাহেরপুরে নির্বাচনী সভা করতে এসে এনআরসি প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, “সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল সংসদে পাস করাতে দেয়নি কংগ্রেস, তৃণমূল ও বামেরা। এবার আপনারা ভোট দিয়ে কেন্দ্রের মজবুত সরকার আনলে, আমরা সংসদে সেই বিল পাস করিয়ে এনআরসি জারি করব। এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়ে আমাদের দেশের বাসিন্দাদের হাতে অধিকার তুলে দেব।” মমতার এনআরসি বিরোধিতার প্রসঙ্গে মোদি বলেন, “ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় পলসিবাজের নাম হচ্ছে দিদি। ২০০৫ সালে সংসদে অনুপ্রবেশকারীদের প্রবেশ রুখতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি চোখের জলও ফেলে ছিলেন। কিন্তু এখন অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করছেন। ক্ষমতায় টিকে থাকতে বিদেশ থেকে ভোট প্রচারের জন্য লোক আনছেন।’ লোকসভা ভোটের লড়াই যে কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাও উল্লেখ করেন মোদি। মতুয়া সম্প্রদায়ের সমর্থন বিজেপির প্রতি বোঝাতে গত ফেব্রুয়ারি মাসে ঠাকুরনগরে হয়ে যাওয়া জনসভার ভিড়ের কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপোকেও আক্রমণ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “পিসি-ভাইপোর এই সিন্ডিকেটরাজ আর বেশি দিন নেই। কারণ এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তোলাবাজি সিন্ডিকেটের রাজকে খতম করার।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news