চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতি মোকাবিলার জন্য দেশ জুড়ে ৭০ দিনের বেশি লকডাউন করেছে কেন্দ্রীয় সরকার। এই লকডাউনের ফলে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে বহু সংস্থা। এই আবহে দেশ জুড়ে বেকারত্বের হারও ক্রমশ বেড়েছে। বহু পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ফিরে গিয়েছেন নিজ ঘরে। সেইসব পরিযায়ী শ্রমিকরা পুনরায় কীভাবে কাজে যোগ দিতে পারে তা নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইতিমধ্যে এ নিয়ে মন্ত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার মন্ত্রীগোষ্ঠীর ৮ সদস্যকে নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। দক্ষতা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের কীভাবে নিজের নিজের এলাকায় কাজে লাগানো যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। তবে এক মাস আগে দক্ষতা বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির মতো কয়েকটি বিষয় নিয়ে মন্ত্রীদের একটি প্যানেল তৈরি করেছিল প্রধানমন্ত্রী দফতর। এদিনের বৈঠকে সেই প্যানেলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিনের বৈঠক থেকে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের সমস্যাকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন। পুনরায় দক্ষতা অনুযায়ী পরিযায়ীদের কাজের ব্যবস্থা করার কথা উঠে এসেছে এদিনের আলোচনায়। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন তারও বিস্তারিত জানানো হয় প্রধানমন্ত্রীকে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রী থেবর চন্দ্র গহলৌতের নেতৃত্বে তৈরি হওয়া কমিটির তরফে জানানো হয়, পরিযায়ী শ্রমিকদের খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য পরীক্ষা, আর্থিক সহায়তা এবং ট্রেনে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news