চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরলেও, করোনা সংক্রমণ যাতে গ্রামীণ এলাকায় প্রবেশ না করতে পারে, সে বিষয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম বার বৈঠক করলেন তিনি। এদিনের বৈঠকের উপলক্ষে ছিল লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধি না প্রত্যাহার, সেই সিদ্ধান্ত নিয়ে। বৈঠকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলেও তবে কেন্দ্রীয় সরকার লকডাউন নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছে, তা অবশ্য জানা যায়নি। লকডাউনের ঘোষণা সময় কেন্দ্র চেয়েছিল যে যেখানে আছে সেখানেই থাকুন, কিন্তু পরিযায়ী শ্রমিকসহ ছাত্র-ছাত্রী ও পর্যটকরা বাড়ি ফেরার জন্য অধীর হয়ে ওঠে। ফলস্বরূপ তাদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিদিন গড়ে ৩০০টি করে ট্রেন চালানো হচ্ছে। শ্রমিকসহ পর্যটক ও ছাত্র-ছাত্রীদের নিজ নিজ রাজ্যে ফেরার পর গ্রামীণ এলাকায় যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ে এদিন সে বিষয়ে আলোকপাত করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এদিনেল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যে যেখানে আছেন, সেখানেই থাকুন, এমনটাই চেয়েছিল সরকার। কিন্তু মানুষ বাড়ি ফিরতে চাইবেনই। তাই বেশ কিছু সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে আমাদের। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সংক্রমণ যেন কোনও ভাবেই গ্রামগুলিতে পৌঁছতে না পারে। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’ তিনি আরও বলেন, ‘‘প্রত্যেকেই নিজের দায়িত্ব বুঝেছেন এবং সেই মতো করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সব রাজ্যের সচিবদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ক্যাবিনেট সচিব। আমাদের আরও সজাগ হতে হবে। ভারসাম্য বজায় রেখেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। কী ভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে হবে সকলকে। সকলের পরামর্শ মেনেই গাইডলাইন তৈরি করতে হবে।’’
এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। এ দিনের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news