চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
প্রায় ৭২ ঘন্টা পর সোমবার ভোর পাঁচটা পনেরো নাগাদ বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha) কে গ্রেফতার করে কলকাতা নিজাম প্যালেস নিয়ে গেলেন সিবিআই আধিকারিকেরা। সোমবার সকালে বড়ঞার আন্দি গ্রামের বাসভবন থেকেই গ্রেপ্তার হন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যেখানে ৭২ ঘণ্টা ধরে তল্লাশি চলছিল সেই বাড়ি থেকেই বিধায়ককে (TMC MLA) গ্রেপ্তার করে নিয়ে গেল সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল।
গতকাল পুকুরে চোবানো মোবাইল খুঁজে পেয়েছে, তার থেকে কি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব তথ্য উদ্ধার করা সম্ভব হবে। মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল প্রায় ৩৮ ঘণ্টা পর তার বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয়েছে। যদিও সিবিআই ফরেনসিকের সাহায্যে মোবাইলের ‘ডেটা’ উদ্ধারের ব্যাপারে অনেকটাই আশাবাদী। বিশেষজ্ঞদের মত, দীর্ঘক্ষণ জলে থাকলেও তথ্য উদ্ধারের সম্ভাবনা থাকে ৬০ থেকে ৭০ শতাংশ।
অভিযোগ উঠেছে, সিবিআই তল্লাশির সময়ই নিজের দু’টি মোবাইল (Mobile) ছুঁড়ে বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেন, বিধায়ক। পুকুরের জল ছেঁচে তুলে ফেলে প্রথম মোবাইলটি উদ্ধার হয় প্রায় ৩৮ ঘণ্টা পর। সিবিআইয়ের মতে, এসএসসি ও টেট নিয়োগ দুর্নীতির অন্য অভিযুক্তদের মতো ওই বিধায়কও নিজের মোবাইলেই চাকরিপ্রার্থীদের নাম, তথ্য রেখেছেন। এছাড়াও কোন কোন প্রভাবশালীর সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপে (WhatsApp) চ্যাট হয়েছিল, সেই তথ্যও জানার চেষ্টা করছে সিবিআই।
মোবাইলে কথোপকথনের ভয়েস রেকর্ডেরও সন্ধান চালাছে সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, এই কাণ্ডে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যদের সঙ্গে যোগাযোগ ছিল বিধায়কের। অন্তত ৪ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে তিনি টাকা তুলেছেন। ফলে কয়েকশো কোটি টাকা তিনি তুলেছেন মুর্শিদাবাদ থেকেই। নবম-দশম শ্রেণি, প্রাইমারি, আপার প্রাইমারি শিক্ষক, গ্রুপ ডি কর্মী নিয়োগেও হাত ছিল তার, এমনই অভিযোগ তার বিরুদ্ধে।
কিন্তু এই মোবাইলগুলি থেকে তথ্য কতটা উদ্ধার করা সম্ভব, সে ব্যাপারে সাইবার বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। সাম্যজিৎ মুখোপাধ্যায় জানান, আই ফোন বা আধুনিক অ্যানড্রয়েড (Android) ফোন জল নিরোধক। জলে ডুবে যাওয়ার পরও ৩০ মিনিট পর্যন্ত কোনও সমস্যা হওয়া উচিত নয়। কিন্তু তার পর থেকে মোবাইলের ব্যাটারি বা আইসিতে সমস্যা শুরু হতে পারে। ক্রমে মুছে যেতে পারে ডেটা। মোবাইলের কললিস্ট থেকে কাদের সঙ্গে বিধায়ক যোগাযোগ রাখতেন, তদন্তের জন্য তা-ও জানতে চাইছেন তদন্তকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news