নিজস্ব সংবাদদাতাঃ
রাস্তায় পড়ে কোটি কোটি টাকা। সেই টাকা কুড়োতে গিয়ে কার্যত নিজেদের মধ্যে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর ২ ব্লকের কাশিপুর থানার অন্তর্গত কৃষ্ণমাটি ব্রিজে। যদিও স্থানীয় সুত্রের খবর, সমস্ত টাকাই নকল। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে বৃষ্টি হচ্ছিল ভালোই। আর সেই বৃষ্টির মধ্যে একটি লাল রঙের মারুতি ভ্যান রাজারহাট নিউটাউনের দিক থেকে এসে দাঁড়ায় ভাঙরের বাগজোলা খালের উপর কৃষ্ণমাটি ব্রিজে। মারুতি ভ্যান থেকে দুই ব্যক্তি গাড়ি থেকে প্রচুর কাগজের প্যাকেট বের করে বাগজোলা খালে ফেলতে থাকেন। বিষয়টি দূর থেকে দেখতে পান গ্রামের লোকজন। তাঁরা চিৎকার শুরু করলে প্যাকেট ব্রিজের উপর ফেলে গাড়ি নিয়ে পালায় ওই দু’জন। স্থানীয়রা দেখেন ব্রিজের উপর প্রচুর দু’হাজার টাকার বান্ডিল পড়ে রয়েছে। মুহূর্তে এই খবর ছড়ায়। আশপাশের গ্রামের শয়ে শয়ে মানুষ ওই টাকা কুড়োতে ছুটে আসেন ব্রিজে ওপর। কৃষ্ণমাটি ব্রিজে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। পুলিশ কর্মীরা মাইক ব্যবহার করে জানান, ‘এগুলি সবই সরকারি সম্পত্তি। এই টাকা কেউ লুট করবেন না।’
অবশ্য সেই গোছা গোছা টাকার বান্ডিল হাতে নিয়েই ভুল ভাঙে পুলিশের। পুলিশ কর্মীরা বুঝতে পারেন সমস্ত টাকাই নকল। প্রায় কুড়ি কোটি নকল টাকার নোট। এত অঙ্কের জাল নোট কারা ফেলে গেলো সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্তারাও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news