Breaking News
Home / TRENDING / বার্সার মুখে বাগান। দেখে নিন ক্লিক করে

বার্সার মুখে বাগান। দেখে নিন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো
কলকাতা প্রেস ক্লাবের ডায়াসে তখন সব ক্যামেরা তাক করা। বসে আছেন বিশ্বকাপ জয়ী দুই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ জেতা তিনজন। বৃহস্পতিবারের পড়ন্ত বিকেলে কলকাতা সাংবাদিক তঁাবু বিশ্ব ফুটবল আলোচনা নিয়ে সরগরম।
মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে বার্সিলোনা, রাশিয়া বিশ্বকাপ—উঠে এল সব প্রসঙ্গই। তবে, কলকাতায় এসে বার্সিলোনার মুখে সেই ১৯১১! এটা নিঃসন্দেহে চমক। বার্সিলোনা লেজেন্ডরা জানেন, ১৯১১ শিল্ড জয়ের ইতিহাস! বার্সিলোনা লেজেন্ড টিমের কোচ অ্যালবার্ট ফেরের সাংবাদিক বৈঠক শেষে মাইকোফ্রোন টেনে নিয়ে বলতে শুরু করলেন, ‘১৯১১ ইতিহাসের কথা শুনেছি আমরা। মোহনবাগান ঐতিহ্যশালী ক্লাব। অনেক পুরনো ক্লাব। এই ক্লাবের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছি, আমরা সম্মানিত। আপনারা মাঠে আসুন।’
সাংবাদিক বৈঠকে প্রেস ক্লাবের ডায়াসে ব্রাজিল–আর্জেন্টিনার যুগলবন্দী। ব্রাজিল কিংবদন্তি এডমিলসন, আর্জেন্টাইন তারকা জেভিয়ার সাবিওলা। ছিলেন আরেক ব্রাজিলীয় জুলিয়ানো বেলেত্তি। হাতের নাগালে তারকাদের পেয়ে মেসি, নেইমার নিয়ে প্রশ্ন উড়ে গেল ওঁদের দিকে। মেসির অবসর প্রসঙ্গে সাবিওলা সাফ বলে দেন, মেসিকে সময় দেওয়া উচিত। তিনি বলেন, ‘মেসি অবসর নেবে কী নেবে না, সেটা পুরোপুরি ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে, এটা ঠিক, আর্জেন্টিনার সমর্থকরা চায় মেসি জাতীয় দলের জার্সিতে এখনও খেলুক। ওকে অহেতুক চাপ দেওয়া উচিত নয়।’
মেসির অবসর প্রসঙ্গের পর নেইমারকে নিয়ে প্রশ্ন রাখা হয় এডমিলসনের কাছে। রাশিয়া বিশ্বকাপে নেইমারের প্লে–অ্যাক্টিং এবং বিশ্বকাপে নেইমারের পারফরমেন্সে আপনি খুশি? মুচকি হেসে এডমিলসন প্লে–অ্যাক্টিংয়ের বিষয়টা এড়িয়ে যান। শুধু বলেন, ‘ওয়ার্ল্ড কাপে ওর পারফরমেন্স হতাশ করেছে। আসলে ওর মতো ফুটবলারের কাছে প্রত্যাশা অনেক বেশি।’ নেইমারের বার্সিলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এডমিলসন বেশি কিছু বলতে চাননি। বলেন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।
আর্জেন্টিনা জাতীয় দলের পারফরমেন্স এত তলানিতে কেন? প্রশ্নটা শুনে ভ্রু কুঁচকে যায় সাবিওলার, ‘আর্জেন্টিনা দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। টিমের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ব্যক্তিগত ক্যারিশ্মা নয়, আর্জেন্টিনাকে একটা টিম হিসেবে খেলতে হবে। তাহলেই আমরা আমাদের প্রাপ্য জায়গায় পৌঁছতে পারব।’
সিআরসেভেন রিয়াল মাদ্রিদ ছাড়ায়, তা দলে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করেন এডমিলসন। তঁার কথায়, ‘রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। তবে, কোনও টিম একজনের উপর নির্ভর করে না। আমি মনে করি, রোনাল্ডোকে ছাড়াও রিয়েল মাদ্রিদ একইরকম শক্তিশালী থাকবে।’
সাংবাদিক বৈঠকে এসেছিলেন ২০০৬ সালে বার্সিলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জুলিয়ানো বেলেত্তি। সেই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তঁার গোলেই জিতেছিল বার্সিলোনা। সেই প্রসঙ্গে উঠতেই নস্ট্যালজিক বেলেত্তি। হাসতে হাসতে বলে দেন, ‘নিঃসন্দেহে আমার কেরিয়ারের সেরা সময়। দারুণ স্মৃতি রয়েছে। কোনওদিনও ভুলব না।’ একটু থেমে জুড়ে দেন, ‘জানেন, তিন মরশুম খেলার পর ওটাই ছিল আমার একমাত্র গোল। আমার গোলেই চ্যাম্পিয়ন হয় দল। গোল করা আমার কাজ নয়। তাও গোল করে খুব ভাল লেগেছিল।’ ব্রাজিলের প্রাক্তনীকে জাতীয় দলের জার্সি নম্বর ৯ নিয়েও অকপট বেলেত্তি, ‘গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনহো দু’জনেই বড় ফুটবলার। ওরা ক্লাব ফুটবলে দারুণ সফল। দেশের হয়ে হয়তো সময়টা খারাপ যাচ্ছে।’
বার্সিলোনা লেজেন্ডস টিমের কোচের দায়িত্বে রয়েছেন ৪৮ বর্ষীয় অ্যালবার্ট ফেরার। যিনি ১৯৯০–১৯৯৮ পর্যন্ত বার্সিলোনার হয়ে ২০৪ ম্যাচ খেলেছেন। তঁার কোচিংয়ে আটটা ম্যাচ খেলেছে এই লেজেন্ডস টিমটা। চলতি মরশুমে আজ, শুক্রবার পঞ্চম ম্যাচ খেলতে নামছেন সাবিওলারা। গত জুন মাসে ফ্রান্সে শেষ খেলেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *