নীল রায়।
দিদির স্নেহের কানন এখন পদ্ম শিবিরে! তাই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের এলাকা বেহালা দখলে রাখতে শনিবার সাত সকালে মেয়র ফিরহাদ হাকিমকে দেখা গেল বেহালায়। বর্ষণ সিক্ত দিনে কলকাতার মেয়রর সঙ্গে জলমগ্ন বেহালা এলাকা পরিদর্শনে দেখা গেল শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। দীর্ঘক্ষন মেয়রের সঙ্গে ঘুরলেন একেবারে ছায়াসঙ্গী মতো। এলাকার কোথায় জল জমার কি সমস্যা? তা দেখালেন ববিদাকে। বুধবার শোভন চট্টোপাধ্যায়ের যেদিন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন। সেদিনই সন্ধ্যায় বেহালায় স্বাধীনতার বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সক্রিয় হতে নির্দেশ দেন রত্নাকে। সেই নির্দেশ মাফিক রত্নাও নেমে পড়েছেন এলাকার রাজনীতিতে।
এদিন মেয়রের সঙ্গে কাকভেজা হয়ে বেহালার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ানো প্রসঙ্গে রত্না বলেন, “গত ১৮ মাস ধরেই এই এলাকার ভালোমন্দ আমি দেখি। মানুষ আমায় এসে বলেন। আজকেও মেয়রের সঙ্গে বেরিয়েছিলাম। এটা নতুন কিছু নয়।” শোভন-রত্না তিক্ত সম্পর্কের কথা কারও অজানা নয়। তাই শোভনের বিকল্প হিসেবে বেহালার রাজনীতিতে মমতা যে রত্না চট্টোপাধ্যায়কেই তুলে আনতে চান, তা স্পষ্ট হয়ে গিয়েছিল স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায়। স্বাধীনতা দিবস ও রাখি পূর্ণিমার দিনেও ১৩১ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কর্মীদের সঙ্গে নানা কর্মসূচিতে শামিল হয়েছিলেন রত্না। তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে আগামী পুর নির্বাচনে শোভনের বদলে ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হবেন তিনিই।
রত্না চট্টোপাধ্যায়ের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। রত্নার মা প্রয়াত কস্তুরী দাস ছিলেন মহেশতলার বিধায়ক এবং দীর্ঘদিনের কাউন্সিলর। আর বাবা বর্তমানে মহেশতলা বিধায়কের সঙ্গে সেখানকার পৌরসভার চেয়ারম্যানও বটে। এমন একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসার কারণে রত্নার রাজনৈতিক মহলে পরিচিতি কোনও নতুন বিষয় নয়।
অন্যদিকে, বিজেপিতে যোগ দিলেও, এখনও নিজের আগামী দিনের রাজনৈতিক রণকৌশলের কথা প্রকাশ্যে জানাননি প্রাক্তন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।কিন্তু তাকে রুখতে তৈরি তৃণমূল। রাজনৈতিক মহলের কথায়, এদিন ইচ্ছাকৃতই মেয়র ফিরহাদ হাকিম বেহালা পরিদর্শনে গিয়ে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে রেখেছিলেন। এতে যেমন রত্নাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা যাবে। তেমনই বার্তা দেওয়া যাবে শোভনকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news