পার্থসারথি পাণ্ডা :
শেষ জীবন বড় মিষ্টি।
পোড়ো বাড়িতে ঘুঘু নামে,
হেঁটে বেড়ায়
ডাকে।
‘ঘুঘু’ (কবিতা)।
অশীতিপর কবি মণীন্দ্র গুপ্ত বারে বারে ভাঙা শরীরের ‘পোড়ো বাড়িতে’ মৃত্যু ‘ঘুঘু’র পদধ্বনি শুনতে পেয়েছেন, তার ডাক শুনতে পেয়েছেন; তবু তারই মাঝে তাঁর জীবন দর্শন, ‘শেষ জীবন বড় মিষ্টি।’ জীবনের প্রতি আমূল ভালোবাসা না-থাকলে কখনই এই উপলব্ধিতে পৌঁছনো যায় না। তাঁর কবিতায় জীবনের টুকরো টুকরো ছবি, সামান্য ঘটনা, প্রকৃতির চেনা পট, ইতিহাস, মিথ, লোক ঐতিহ্য, শ্লেষ সমস্তই সেই ভালোবাসা আর দর্শনের ছোঁয়ায় অন্য এক মাত্রা পায়। ১৯৬৯-এ প্রথম কবিতার বই ‘নীল পাথরের আকাশ’ প্রকাশের সঙ্গে সঙ্গেই কাব্যরসিকেরা বুঝেছিলেন, এই কবি ‘চলতি হাওয়ার পন্থী’ নন, এঁর পথ একেবারেই ভিন্ন, একান্ত নিজস্ব। তবু তিনি নিঃসঙ্গ নন, কারণটা নিজেই বলেছেন—‘কখনও নিঃসঙ্গ নই, নিজেই নিজের সঙ্গে থাকি।’ (‘রাত্রিতরঙ্গ’ কবিতা)।
বরিশালে ১৯২৬-এ জন্ম নেওয়া এই মানুষটির শৈশব কেটেছিল গ্রামে। তাই কাছ থেকে গ্রাম জীবন ও প্রকৃতিকে দেখার এবং উপলব্ধি করার সুযোগ তাঁর হয়েছিল। তারপর চোখের সামনে দেশভাগের আগুন দেখেছিলেন, সেই আগুনে দগ্ধ হয়েছিলেন, আশ্রয় খুঁজেছিলেন কীর্তনখোলা ছেড়ে গঙ্গাপাড়ে। আর এক কিংবদন্তী কবি নজরুলের মতোই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এইসব বিচিত্র কর্ম ও ব্যক্তি জীবনেরই আখ্যান ‘অক্ষয় মালবেরী’ নামের আত্মকথায় ছাঁচভাঙা গদ্যে তিনি বর্ণনা করেছেন।
গদ্য ও পদ্যে সব্যসাচী মণীন্দ্র গুপ্ত ‘লাল স্কুলবাড়ি’, ‘এক শিশি গন্ধহীন’, ‘নামেরু মানে রুদ্রাক্ষ’, ‘মৌপোকাদের গ্রাম’, ‘নিরক্ষর আকবর’-এর মতো কাব্য যেমন লিখেছেন, তেমনি প্রথাভাঙা গদ্যে লিখেছেন ‘চাঁদের ওপিঠে’, ‘জনমানুষ ও বনমানুষ’-এর মতো বই। ২০১০-এ ‘টুং টাং শব্দ নিঃশব্দ’ কাব্যের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। আর ২০১১-তে পেয়েছেন ‘বনে আজ কনচের্টো’ কাব্যের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার।
স্রোতের বিপরীতে হাঁটতে অভ্যস্ত এই মানুষটি গত বুধবার রাতে প্রয়াত হলেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল, ৯৪ বছর।
কবি চলে গেছেন। রেখে গেছেন কবিতায়-গদ্যে আলোর সন্ধানী পংক্তিমালা, আশ্বাস দিয়েছেন—
‘বাউলের মতো আমি ভিতরে জ্বালাব বাতি…।’ (‘মহিম্ন স্তোত্র’ কবিতা)।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news