সূর্য সরকার
আগামী ৬ অগাস্ট চেন্নাই যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রয়াত ডিএমকে নেতা এম করুণানিধির মূর্তি স্থাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর এই তামিলনাড়ু সফর বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর ৭ অগাস্ট প্রয়াত হয়েছিলেন করুণানিধি। তাঁর মৃত্যুর প্রথম বার্ষিকীতে চেন্নাইয়ে করুণানিধির এক মূর্তি উন্মোচন করবে ডিএমকে। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন স্টালিন। তাই আমন্ত্রণে সাড়া দিয়ে ৭ অগাস্ট চেন্নাইয়ের মূর্তি উন্মোচনে হাজির থাকবেন তিনি। সূত্রের খবর, ৬ অগাস্ট বিকেলের বিমানে চেন্নাই উড়ে যাবেন মমতা। ৮ বা ৯ অগাস্ট তিনি কলকাতা ফিরবেন বলে খবর।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, লোকসভা ভোটের পর কালাইনারের মূর্তি স্থাপনের অনুষ্ঠানে কি হতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রথম সমাবেশ? এই মঞ্চ থেকেই কী বিজেপি তথা মোদী বিরোধিতার সলতে পাকাবেন বিরোধীরা? এমন আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে কারবারিদের মধ্যেও। কারণ একাধিক ইস্যুতে করুণা পুত্র স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করতে পিছপা হননি বাংলার মুখ্যমন্ত্রী। তাই স্টালিন মমতার যুগলবন্দী ওইদিন বিজেপি নেতৃত্বকে নিশানা করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও চেন্নাইয়ের সভায় উপস্থিত থাকবেন দেশের তাবড় রাজনৈতিক নেতা-নেত্রীরা। ফলে, সেই অনুষ্ঠানে নজর থাকছে দেশের রাজনৈতিক মহলের। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন উপস্থিত থাকবেন চেন্নাই, তখন বাংলার রাজনৈতিক মহলের নজর থাকবে সেদিকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news