নীল রায়:
নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমন করে হচ্ছে না! হচ্ছে না মুকুল রায় বা দিলীপ ঘোষকে আক্রমণ করেও। তাই এবার তৃণমূলের পালে হাওয়া টানতে অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমন করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাসন্তীর সোনাখালীর জনসভায় তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে বক্তৃতা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই আচমকা টেনে আনেন অসমের উপমুখ্যমন্ত্রী প্রসঙ্গ। মমতা বলেন, “দক্ষিণ ২৪ পরগনায় ঢুকে ঢুকে টাকা বিলি করে বেড়াচ্ছে বিজেপি। এই কাজ করছে অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।” এখানেই থেমে থাকেননি তিনি। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “কলকাতার তাজ বেঙ্গলে বসে গোটা অপারেশন চালাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা।” সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের আপাদমস্তক নেতা-নেত্রীরা। সেই দুর্নীতির দায় যে এখনও মুছতে পারেননি তাঁর দল, তা ভালই বোঝেন তৃণমূল নেত্রী। তাই এদিন সেই কেলেঙ্কারির দায় হিমন্ত বিশ্বশর্মা ওপর চাপিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন “সুদীপ্ত সেন চিঠি লিখে জানিয়ে ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা তার থেকে তিন কোটি টাকা নিয়েছেন। অথচ তাকে সিবিআই কেন গ্রেফতার করছে না।” এমন অভিযোগের পাল্টা দিতে ছাড়েননি বিজেপি শিবির। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার বলেন, “খুব গরম পড়েছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বোঝা যাচ্ছে। কোনও প্রমাণ ছাড়াই তিনি বিজেপি নেতাদের বিরুদ্ধে যা তা বলে বেড়াচ্ছেন। আমরাও তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ করতে পারতাম, কিন্তু করিনি। ভারতী ঘোষের বিরুদ্ধে ভোটের দিন যে সব অনৈতিক কাণ্ড কারখানা ঘটেছে। তা সারা দুনিয়া দেখেছে। ইতিহাস সব কিছু মনে রাখে, এবং তার পুনরাবৃত্তিও ঘটায়, সবকিছুর জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত থাকুন।”প্রসঙ্গত, অসমের ভোট শেষ হয়ে যাওয়ার পর বিজেপি নেতৃত্ব ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে পশ্চিমবঙ্গে প্রচারের কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে খেজুরিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন হিমন্ত। কলকাতায় থেকেই তিনি বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন। তাই এবার তৃণমূল নেত্রী নিশানায় অসমের উপমুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রী এহেন রণকৌশল কতটা কাজে দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কারণ বাংলার রাজনীতিতে অমিত শাহ, নরেন্দ্র মোদী, মুকুল রায়, দিলীপ ঘোষদের যে অবস্থান, হিমন্ত বিশ্বশর্মার তেমনটা নয়। তাই তাঁকে আক্রমণ করা কতটা যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থাকছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news