নিজস্ব প্রতিনিধি :
নন্দীগ্রামে সিপিএমকে ঠেকাতে মাওবাদীদের সাহায্য নিয়ে ছিলেন মমতা। এমনকি নন্দীগ্রামে মাওবাদীদের রাস্তা কাটার পরামর্শও দিয়ে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী স্বয়ং।
বুধবার বনধ শেষের সন্ধ্যায় এই মন্তব্যই করলেন মুকুল রায়।
নন্দীগ্রামের জমি আন্দোলন ও জঙ্গল মহলে লালগড়, নেতাই সহ বিভিন্ন অঞ্চলে দোর্দণ্ড প্রতাপ সিপিএমের সঙ্গে এঁটে উঠতে না পেরে তৃণমূল মাওবাদীদের সাহায্য নিয়ে ছিল বলে, এদিন মন্তব্য করেন মুকুল। এমন নয় যে রাজ্য রাজনীতির আলোচনায় এই সব বিষয় আগে কখনও আসেনি। এসেছে। এমনকি সিপিআই (মাওবাদী) নেতা কোটেশ্বর রাও বা কিষানজি নিজে প্রকাশ্যেই বলে ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান। তবুও মমতার সঙ্গে মাওবাদীদের সরাসরি যোগ ছিল, এমনকি তিনি তাঁদের নির্দেশও দিতেন, এই তথ্য এতদিন সামনে আসেনি। তৎকালীন বিরোধীদের অভিযোগে আভাসে ইঙ্গিতে উঠে এলেও, এত সরাসরি মমতার বিরুদ্ধে এমন অভিযোগ ইতিপূর্বে কেউ করেননি।
এবার সেই তথ্য ফাঁস করলেন মুকুল রায়। তিনি বলেন, “নন্দীগ্রামে মাওবাদীদের রাস্তা কাটতে বলে ছিলেন মমতা।” তৃণমূলের তরফে এদিন এই বক্তব্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নন্দীগ্রাম আন্দোলনের মুখ বর্তমানে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারিকে ফোন করা হলে তাঁর ফোন বেজে যায়। তৃণমূলের অন্য কোনও দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গেও ফোনে যোগাযোগ করা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news