নিজস্ব প্রতিনিধি।
মমতার জন্যই অকাল প্রয়াণ তাপস পালের। এমনটাই বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার দুপুরে রবীন্দ্র সদনে প্রয়াত অভিনেতা তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। অভিযোগ করেন, বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই অকাল মৃত্যু হয়েছে তাপস পালের (Tapas Paul)। বিকেলে এক ভিডিও বার্তায় দিলীপ ঘোষ বলেন, “তাপস পালের দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য তাই তৃণমূল দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছুই তো তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করেছিলেন। যখনই ফেঁসে গেলেন তখন তাকে ছেড়ে ফেলা হলো।”

মেদিনীপুরের সাংসদ বলেন, “তাপস পালের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। জেলে থাকতে তাঁকে কোনদিনও দেখতে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজনীতি শুরু করেছেন। জেলে থাকতে কোনদিনও তাঁকে দেখতে যাননি। তাঁকে এক প্রকার ছেঁটেই ফেলেছিলেন।” তিনি আরও বলেন, “কষ্টের সময় তার পরিবার ছাড়া তার পাশে কেউ দাঁড়ায়নি। মৃত্যুর পর রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।”
রাজ্য বিজেপির সভাপতি বলেন, “যখন তাদের একজন সিনিয়র নেতা সিবিআর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তখন বিজেপি পার্টি অফিস ভাঙ্গা থেকে শুরু করে অনেক রাস্তা ঘেরাও সবকিছুই করেছিলেন। সঙ্গে দেখা করতে ভুবনেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তখন তাপস পালের কথা মনে পড়েনি।” তাঁর কথায়, “তৃণমূলের একাধিক মন্ত্রী এমএলএ সাংসদ দুর্নীতির দায়ে অভিযুক্ত। কেউ জেলে গেছেন বা কেউ জেলে যাবেন। একটা দূষিত সংস্কৃতি তৃণমূল শুরু করেছে। দুর্নীতি, সন্ত্রাস, সারধা ও নারদা সমস্ত বিষয়গুলি বাংলা রাজনীতিকে কলুষিত করেছে।”
দিলীপ বলেন “স্বীকার না করলে হবে না তার কয়েকজন এমপি এম এল এ সব অভিযোগ মেনে নিয়েছেন কেউ কেউ টাকাও ফেরত দিয়েছেন। তাই এখন অন্যকে দায়ী করে নিজের পাপ মুক্তির চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আত্মগ্লানি থেকে এই কথাগুলো বলছেন।” তিনি বলেন, “যেখানে তার সদ্গতি আত্মার শান্তি কামনা করা উচিত তখন তিনি তাপস পালের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news