চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুরে খেঁজুরিতে প্রশাসনিক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে খেজুরির উদ্দেশ্যে রওনা দেন তিনি, সূত্রের খবর, সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সফরে তিনি নিজে হাতে প্রায় ৪৭৫ কোটির পরিষেবা প্রদান করেন। জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে পরিষেবা পাবেন জেলার ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। এছাড়াও পূর্ব মেদিনীপুরে ১ এপ্রিল থেকে শুরু হয়ে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মানুষকে কীভাবে দ্রুত পরিষেবা প্রদান করা হবে সেই রূপরেখাও বানিয়ে ফেলেছে জেলা প্রশাসন। ২০ দিনের মধ্যে যাতে জেলার প্রত্যেকে পরিষেবা পান, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে, এরা পাপী। ১৭ লক্ষ লোকের টাকা দেয়নি। বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। ১২ হাজার কিমি রাস্তা আমাদের টাকা, দিল্লির টাকা নয়।”
তিনি আরও বলেন, “এখন যাঁরা বলছে নন্দীগ্রামে ঢুকতে দেব না। এখানকার ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে। নির্বাচনের পরে নাকি বাবুর গায়ে আঁচড় লেগেছে। একটুও লাগেনি। নন্দীগ্রামে ভোটে লড়তে এসে ওরা আমার পা ভেঙে দিয়েছিল। আমার পায়ে এখনও দাগ রয়েছে, ভাল হয়নি। পুরো ফুলে গিয়েছিল, তারপরও আমি চ্যালেঞ্জ করে হুইলচেয়ার নিয়ে মিছিল করেছিলাম।
আজ খেঁজুরির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে দুজন মারা গিয়েছেন। তাদের আমরা ক্ষতিপূরণ দিয়েছি। যাদের কেউ বাইরে কাজ করেন তাদের কারোর যদি খবর না পান, একটা অ্যাপ আছে, আপন বাংলা। সেখানে ক্লিক করে আপনার সমস্যা জানান। সরকার সাহায্য করবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news