জয় ঘোষ।
“কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দিচ্ছেন তিনি ৷” মঙ্গলবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় নারী শিশুকল্যাণ এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। গত ২৩ মে বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ জোট সরকার ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দ্বিতীয় ইনিংসে ১০০ দিনে কী কী কাজ করেছে মোদি সরকার, সেই খতিয়ান দেন স্মৃতি ইরানি।
কলকাতার এক অভিজাত হোটেলে সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ৷ ৩৭০ ও ৩৫ (এ) ধারা জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “৩৭০ ও ৩৫ (এ) ধারা প্রত্যাহার দেশে অখণ্ডতা রক্ষা হবে ।” তিন তালাককে বেআইনি ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে বিষয়টিকে সরকারের সাফল্য বলে অভিহিত করেন তিনি । স্মৃতি বলেন, “তিন তালাক আইন মহিলাদের গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষিত রাখবে।”
দেশের আর্থিক অবস্থা নিয়ে বিরোধীরা সমালোচনার ঝড় তুলেছে। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকার আর্থিক ব্যবস্থা ঠিক করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে । বহু মানুষকে ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হয়েছে। ১০টি ব্যাঙ্ককে সংযুক্ত করে ৪টি ব্যাঙ্কে পরিণত করা হয়েছে ৷ পরিকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়িক পরিকাঠামোর উন্নয়নে মোদি এবং তাঁর সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”
মমতা বন্দোপাধ্যায়কে এক হাত নিয়ে স্মৃতি বলেন, “এই রাজ্যে সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেসব সুযোগ-সুবিধা এবং প্রকল্প চালু করা হয়েছে তার অধিকাংশের সুবিধা সাধারণ মানুষকে পেতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । উজ্জ্বলা যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলি এই রাজ্যে বাধাপ্রাপ্ত হয়েছে ।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের তরফে ডাকা কোনও বৈঠকে রাজ্যের কোনও প্রতিনিধি যোগ দেন না৷ কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের শুধু সমালোচনা করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভালো কাজে তারা কখনই অংশ নেন না ৷”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news