চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনার সময় যে সমস্ত সরকারি কর্মী ছুটি না নিয়ে কাজ করেছেন তাঁদের সকলকেই পুজোর সময় অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতো ব্যক্তিরা যাঁরা অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের পুজোর সময় অতিরিক্ত ছুটি দেওয়া হবে। যাতে তাঁরা বেড়াতে যেতে পারেন।’
এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী এই ধরনের অত্যাবশ্যকীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের কাজের প্রশংসা করেছিলেন। এমনকি গতকাল তাঁদের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। এবার তাঁদেরই উজ্জীবিত করতে এই বার্তাই দিলেন নবান্ন থেকে।
উল্লেখ্য, ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা না হলেও রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। রাজ্যের প্রতিটি হাসপাতালেই কাজ করছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এই ব্যক্তিরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে, এই কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এঁদের সকলেই ছুটি দেওয়া হবে। যাতে তাঁরা ঘুরতে যেতে পারেন।’ তিনি আরও বলেন, ‘এই সময় রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় আপ্রাণ পরিশ্রম করছেন ডাক্তার-নার্সরা। যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরাও দিন-রাত এক করে পরিশ্রম করছেন। তাই তাঁদের পুজোর পরে বিশেষ ছুটি দেওয়া হবে। সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news