ওয়েব ডেস্ক:
একদিকে যখন কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের হত্যার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে কেন্দ্রের উপর দায় চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিলীপ ঘোষ বললেন, এই মৃত্যুর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে বাঙালি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় টুইট করে তদন্তের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন যে, কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা। এই মন্তব্যেরই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তাঁর যুক্তি, বাংলায় কাজকম্ম নেই বলেই ভিনরাজ্যে যাচ্ছে বাঙালি ছেলেরা। অতএব, দায় তাই মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের বিতণ্ডা চূড়ান্তে।
উল্লেখ্য, মমতার টুইট ছিল,”কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আসল সত্যিটা বেরিয়ে আসুক। সত্যিটা জানতে দক্ষিণবঙ্গের এডিজি সঞ্জয় সিংহকে দায়িত্ব দিয়েছি।”
অন্যদিকে দিলীপ ঘোষ একটি সংবাদমাধ্যমকে বললেন, ”পেটের দায়ে সীমান্তে গিয়েছেন বাংলার ৫ শ্রমিক। বাংলার ছেলেরা হাতে প্রাণ নিয়ে কেন সীমান্তে যাচ্ছেন? তাঁদের এখানে কাজ দিন। ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরল, গুজরাট, রাজস্থান ও কাশ্মীরে মারা যাচ্ছেন বাঙালি শ্রমিকরা। আমাদের ছেলেদের ঘরছাড়া করেছে রাজ্য সরকার।”
জম্মু-কাশ্মীরের কুলগামে নিহত ৫ বাঙালি শ্রমিক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এদিন আরও বলেন, ”পাকিস্তান থেকে বারবার হামলা হচ্ছে। ভারত এটাই দাবি করে আসছে। সেটাই প্রমাণ হল। দুর্ভাগ্যবশত মুর্শিদাবাদের ছেলেরা মারা গেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news