ঈষাণিকা ভোরাই :
পাহাড়ে প্রথম শিল্প সম্মেলনে ১৮ টি সেক্টরে প্রায় ২০০০ কোটি টাকার লগ্নির প্রস্তাব এল।
ফলে স্বাভাবিক ভাবে খুশি মুখ্যমন্ত্রী থেকে পাহাড়বাসী। সেই খুশি এদিন দ্বিতীয় দিনের শিল্প সম্মেলনে প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এদিন শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে প্রায় ২০০০ কোটি টাকার বেশি লগ্নির প্রস্তাব এসেছে বিভিন্ন ক্ষেত্রে। এটা আমাদের বড় পাওনা। তবে শিল্প সম্মেলনের প্রথম দিনের মতোই শেষদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে পাহাড়ে শান্তির কথা। মমতার কথায়,”শান্তি রাখলে শিল্প আসবে।” পাহাড়ে শান্তি না থাকলে যতই শিল্প সম্মেলন হোক না কেন শিল্প গড়তে শিল্পপতিরা এগিয়ে আসবেন না তা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি। “শান্তি থাকলে সব হবে, ভয় পাওয়ার কোনও কারণ নেই”- এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিনয় তামাঙ্গ, মন ঘিসিং দের প্রতি আরও একবার বার্তা দিয়ে রাখলেন। তবে পাহাড়ের রাজনৈতিক স্থিরতা আর রোজ সকালে নিশ্চিত ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যে একই রকম অসম্ভব, তা ও তিনি খুব ভালো করে জানেন। সেই সন্দেহ থেকেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং যখন ভাল চলে, তখন কেউ কেউ পিছিয়ে দেওয়ার খেলা করে। এটা হতে দেবেন না। পাহাড়ে শান্তি বজায় রাখুন।” মমতা খুব ভালো করেই জানেন যতক্ষণ টাকার যোগান চলবে ততক্ষন বিনয়, অনীতদের নিয়ে সমস্যা নেই। কিন্তু পাহাড়ে মন ঘিসিং-এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে এই অক্ষে বদলও আনতে হতে পারে। সেদিন কিন্তু এই বিনয়, অনীতরা আর এত দিদি দিদি করবে না। তাই এখন থেকেই আশঙ্কার বাণী শুনিয়ে রাখতে হচ্ছে তাঁকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news