ঈষাণিকা ভোরাই :
‘রাজনৈতিক দল গুলি রাজনৈতিক ভাবে লড়তে না পেরে ভোটকে ভয় পাচ্ছে। তাই এইসব নাটক করছে।’ সোমবার নবান্ন থেকে বের হওয়ার সময় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন তাঁর দলকে একপ্রকার ধাক্কা দিয়ে সেই সিঙ্গল বেঞ্চেই ফেরৎ পাঠিয়েছে, তখন মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন ‘কোর্টের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ আসলে তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন যার উপর ভরসা করে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই কল্যান বন্দ্যোপাধ্যায় নিজের ধারাবাহিকতা বজায় রেখে এখানেও দলের নাক কাটিয়েছেন। অবশ্য নিজেকে বাঁচানোর জন্য কল্যান সোমবার জানান,’সিঙ্গেল বেঞ্চে যেহেতু বিষয়টি অমীমাংসিত রয়েছে, তাই মঙ্গলবার সেই সিঙ্গল বেঞ্চ আগে ঠিক করবে বিজেপির আনা মামলাটি গ্রাহ্য হবে কি না।’ এর আগে এদিন বিকেলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত মামলার রায়ে পরিষ্কার জানিয়ে সিঙ্গল বেঞ্চেই মামলার শুনানি করতে হবে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে রোজ শুনানি করে মামলার রায় দিতে হবে। স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের আনা এই মামলা ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়ায় নিজেদের খুশি জাহির করেন বিরোধীরা। বিজেপির পক্ষে মুকুল রায় বলেন,’ এই জয়টা মানুষের জয়, গনতন্ত্রের জয়।আমরাও চাই পঞ্চায়েত নির্বাচন হোক, কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে ওরা গনতন্ত্রকে হত্যা করছে। নবান্নে বসে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
তাঁর প্রাক্তন সতীর্থের আনা এই মারাত্মক অভিযোগের কোনো উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী অবশ্য এটা জানালেন যে,’কোড অফ কন্ডাক্ট বজায় থাকার কারণে উন্নয়নের কোনো কাজ করতে পারছি না। বাংলার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।’ এদিকে সোমবার হাইকোর্টের রায়ে নিজেদের প্রতিক্রিয়ায় সিপিএমের রবীন দেব বলেন, ভোট প্রক্রিয়া বিলম্বিত করার পক্ষে আমরা নই। শাসকদলই এই অবস্থার জন্য দায়ি।’ কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী রায় প্রসঙ্গে জানান,’ তৃণমূলের তর সইছিল না। ওরাই তো ডিভিশন বেঞ্চে গিয়েছিল। ডিভিশন বেঞ্চ ওদের সেই মামলা খারিজ করে সিঙ্গল বেঞ্চেই পাঠিয়েছে। এটা বাংলার মানুষের জয়।’ তবে একটা বিষয় পরিষ্কার, সরকার পক্ষ যতই দাবি করুক বিরোধীরা নাটক করছে বা বিরোধীরা যতই দাবি করুক, এটা মানুষের জয়, এই দাবি-পাল্টা দাবি আর আদালত চত্বরেই আপাতত আটকে থাকছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য। আর ক্রমশঃ উজ্বল হচ্ছে পঞ্চায়েতগুলিতে অ্যাডমিনিষ্টেটর বসানোর সম্ভাবনা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news