ঈষানিকা ভোরাই :
প্রায় দু’দশক আগে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম বই। তখন তিনি বিরোধী রাজনীতির মধ্যগগনে। তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শানিয়ে যাচ্ছেন। সেই সব আন্দোলন, আন্দোলনের গতিপ্রকৃতি, আন্দোলন দমনে রাজ্য সরকারের ভূমিকা বা নিজের দলের (তখন তিনি কংগ্রেস নেত্রী) ভূমিকা, সবকিছুই তিনি লিপিবদ্ধ করলেন তার প্রথম বই “উপলব্ধি”-তে। সেই শুরু। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজনীতি থেকে প্রশাসন; সবদিকেই সজাগ দৃষ্টি রাখতে হয় তাঁকে। কিন্তু এই প্রচণ্ড ব্যস্ততার মাঝেও থেমে থাকেনি তাঁর কলম। ইতিমধ্যেই প্রায় ৮০ টার মত বই লিখেছেন তিনি। গত কয়েক বছরের মতো এবছর বইমেলাতেও প্রকাশিত হতে চলেছে তার লেখা প্রায় আটটি বই। সূত্রের খবর, এই আটটি বইয়ের মধ্যে হিন্দি,উর্দু ও ইংরেজি ভাষার তিনটি বই রয়েছে। বাকিগুলো বাংলা ভাষায়। হিন্দি কবিতার বইয়ের নাম “সবেরা”। বাংলায় লেখা ছোটদের ছড়ার বই “শিশুবেলা”। বাংলা কবিতার বই “রুদ্রাক্ষ”। মমতার নিজস্ব মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী সাফল্যে তিনি লিখেছেন “কন্যাশ্রী যখন বিশ্বজয়ী”। তবে এবারের বইমেলায় ‘টপ অফ দ্য টপ’ হতে চলেছে “আমার নব প্রজন্ম”। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই বইতে আগামীদিনের রাজনীতির গতি-প্রকৃতির একটা হদিস দিতে চাইছেন মমতা বন্দোপাধ্যায়।
এই বইটি ঘিরে মমতা সম্পর্কে আগ্রহীদের উৎসাহ কম নয়। নবপ্রজন্ম নিয়ে লিখতে গিয়ে কাদের নাম লিখলেন দলনেত্রী আর বাদ পড়ল কারা? এই প্রশ্ন এখন দলের ছোট থেকে বড় সবার মনে। তৃণমূল কংগ্রেসের সমালোচকরা তো বটেই এমনকি মমতার গুণগ্রাহীরাও বলেন, দলে মমতা ছাড়া আর কী আছে! মমতার পরে এই দলের কী হবে! মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, দলের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়ে গেছে। কারা হবে তৃণমূলের ভবিষ্যতের মুখ? দলকে নেতৃত্ব দেবে কারা? যুবরাজ অভিষেকই যে সিংহাসনে অভিষিক্ত হবেন তা এক প্রকার পাকা বলেই ধরে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। প্রশ্ন অভিষেকের পারিষদ হবেন কারা? এই সকল প্রশ্নের হদিস দেবে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচিত ‘আমার নব প্রজন্ম’?
আর বেশিদিন নয়, এবারের বইমেলাতেই জানা যাবে সব প্রশ্মের উত্তর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news