চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনা আগ্রাসন মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লাদাখ পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেবেন মমতা এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। বৃহস্পতিবারই ওই বৈঠকের আমন্ত্রণপত্র পৌঁছেছে নবান্নে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দেশ আগে, তারপর বাকি সব।’ ওই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় পরামর্শও দিতে পারেন মমতা।
প্রসঙ্গত, বুধবার করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বক্তার তালিকায় নাম না থাকলেও যোগ দেননি তিনি। কারণ, বাংলার বলার সুযোগ ছিল না। এটা বাংলার অপমান। তার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে গরহাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু ইন্দো-চিন সম্পর্ক (Indo-China Relationship) বিষয়টি দেশের বিষয়, তাই তৃণমূল সর্বদল বৈঠকে অংশ নেবেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা মোকাবিলা করতে গেলে কী করা উচিত, সেই সিদ্ধান্ত কেন্দ্রের। বিদেশনীতি নিয়েও কোন কিছু বলবেন না মুখ্যমন্ত্রী। তাহলেও আগামীকালের বৈঠকে তৃণমূল সুপ্রিমো উপস্থিত থাকবেন।
সোমবার লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ও চিনের পিপলস লিবারেশন আর্মির মুখোমুখি সংঘর্ষে কুড়িজন ভারতীয় জন প্রাণ হারিয়েছে। সীমান্তে এখনো উত্তেজনার পরিস্থিতি রয়েছে। তাই প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজনৈতিক দলকে সীমান্তের পরিস্থিতি প্রসঙ্গে অবগত করাতে চান। সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দেশে কি করা উচিত সে বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাইবেন বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news