চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ ২১ জুলাই । পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৯৩ সালে ২১ জুলাই সচিত্র এপিক ভোটার কার্ডের দাবিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন যুব কংগ্রেস (Congress) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ডাকে আন্দোলনেই কলকাতায় ১৩ জুন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। তারপর থেকেই প্রতি বছর দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই কংগ্রেসের এই কর্মসূচি হাইজ্যাক করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সাল বাদে প্রতিবছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে তিনটি বৃহৎ মঞ্চ বেঁধে বৃহৎ জনসমাবেশ করে তৃণমূল (TMC)। কিন্তু, করোনা ভাইরাসের আবহে এবারের ২১ জুলাইয়ের (21July) সমাবেশ হবে ভার্চুয়াল। তাই ভিন্ন পরিসরে শহীদ দিবস পালনের ধরন বদলে গিয়েছে। প্রতিবছর এই দিনটিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে কর্মীদের সরাসরি বার্তা দেন তৃণমূল নেত্রী। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতিতে বড়সড় সমাবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই প্রযুক্তির ব্যবহারে ভার্চুয়াল সভার মাধ্যমে সীমাবদ্ধ থাকছে শহীদ দিবসে সমাবেশ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাসভবন থেকে রাজ্যজুড়ে কর্মীদের বার্তা দেবেন। বেলা দুটো নাগাদ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে তৃণমূল সুপ্রিমোর এই বার্তা। যদিও, এর আগে বেলা ১২টা নাগাদ ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে শহীদ স্মরণে সামিল হবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর বিড়লা প্লানেটরিয়ামের কাছে একটি একুশে জুলাইয়ের স্মৃতিসৌধ তৈরি করিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে মাল্যদান করবেন রাজ্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল ভবনে এক বিশাল জায়েন্ট স্ক্রিন বসিয়ে সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা সম্প্রচার করার বন্দোবস্ত করবেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন। তৃণমূলের যুব সংগঠনের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে। তবে দলের অন্য শীর্ষ নেতাদের এই ভার্চুয়াল সভায় সরাসরি যোগ দেওয়ার সুযোগ থাকছে না বলে জানা গিয়েছে। যেহেতু ভার্চুয়াল সভা হবে, তাই দলের সমস্ত নেতাদের নিজের বিধানসভা কিংবা জেলার কোনও গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, নিজেদের বুথে বেলা একটা থেকে দুটো পর্যন্ত পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে একুশে জুলাই পালন করার। তারপর দুপুর দুটো থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতে হবে দলীয় কর্মীদের। সারেগামাপা-এর সঙ্গীত শিল্পীরা নতুন একটি গান গেয়েছেন একুশে জুলাই। গানটির রচয়িতা তৃণমূল সুপ্রিমো স্বয়ং। গানটি একদিন আগেই বুথ স্তরের কর্মীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সকাল থেকেই বুঝে বুঝে গানটি বাজিয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি পালন করতে হবে। গত বছর লোকসভা ভোটের পরাজয়ের পর যে ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল, সেই মঞ্চ থেকে প্রশান্ত কিশোরের নেতৃত্বে দলের পথচলার কথা ঘোষণা করেন তিনি। এবারের ২১ জুলাইয়ের ভার্চুয়াল জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে কর্মী মহল। কারণ, আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অগ্নি পরীক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news