চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রবীন্দ্রজয়ন্তীতে বাজবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা গান। আজ শুক্রবার রবি ঠাকুরের ১৬০তম জন্ম জয়ন্তী। প্রতিটি জেলায় নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নভেল করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গান ব্যবহার করে ‘কবিপ্রণাম’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলা এবং কমিশনারেটে কবিপ্রণাম কর্মসূচি পালন করা হবে। রবীন্দ্রনাথের কাট-আউট নিয়ে ছোট একটি করে ট্যাবলো ব্যবহার করা হবে। নির্বাচিত কিছু রবীন্দ্র সঙ্গীতের (Rabindra Sangeet) ব্যবহার হবে ওই ট্যাবলোর সঙ্গে। পাশাপাশি, করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সচেতনতা-গানটিও ব্যবহার করা হবে।

রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে বিনা জনসমাগমেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বিধি মেনে রাজ্যের ১৬ জন শিল্পী নিজের নিজের বাড়ি থেকে গান গাইবেন। তা-ই সম্প্রচার হওয়ার কথা অনুষ্ঠানস্থলে। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা গান বাজানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রীর লেখা গান বাজানো কার্যত নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news