ওয়েব ডেস্ক:
শহরে একের পর এক বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বুধবার নেতাজিনগরের খুনের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন। নাম না করে প্রমোটারদের উদ্দেশ্যে বলেন, “কারোর সম্পত্তি জোর করে দখল করে নেওয়া যাবে না। খুন করে জায়গা দখল করে কেউ রেহাই পাবে না। পুরসভা, পঞ্চায়েতগুলিকেও এবিষয়ে কড়া ভূমিকা নিতে হবে।”
যদিও শহরে এভাবেই একাকী বৃদ্ধ দম্পতি খুনের ঘটনা আগেও ঘটেছে। এই প্রথম এমন ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কেউ মনে করে থাকে, একাকী বৃদ্ধ দম্পতি খুন করে তাঁদের সম্পত্তি দখল করে রেহাই পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। এই ঘটনায় পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ করবে।” অসৎ প্রমোটারদের এমন বার্তা দেওয়ার পাশাপাশি পুরসভাগুলিকেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, এলাকায় একাকী দম্পতি থাকলে, তাঁদের নিরাপত্তার দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।
উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন। এলাকার যে বাড়িতে এমন ঘটনা ঘটছে, সেগুলিকে চিহ্নিত করে স্তম্ভ বসিয়ে দেওয়া হবে। সেই স্তম্ভগুলিতে যে দম্পতিদের খুন করা হয়েছে, তাঁদের নাম লেখা থাকবে। অর্থাৎ, সব করেও প্রমোটারের উদ্দেশ্য সফল হবে না, এমন বন্দোবস্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news