চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পাহাড়ের রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলগা হতে শুরু করেছে। তার ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতির রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে পাহাড়ের দুই বিধায়কের বৈঠকে। উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) কাছে এমনটাই অভিযোগ জানালেন পাহাড়ের দুই বিধায়ক। ঘটনাচক্রে এই দুই বিধায়কের মধ্যে একজন বিজেপির হলেও অন্যজন খানিক দিন আগে পর্যন্ত ছিলেন তৃণমূল (TMC) ঘনিষ্ঠ। শুক্রবার রাতে শিলিগুড়ির সরকারি আবাসে রাজ্যপালের সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি (BJP) বিধায়ক নীরজ জিমবো ও কালিম্পংয়ের বিধায়ক সরিতা রাই। সূত্রের খবর, বৈঠকের রাজ্যপালের কাছে তারা অভিযোগ করেছেন বিধায়ক তহবিলের টাকা আটকে রাখা হচ্ছে। বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণে কোনওরকম উন্নয়নমূলক কাজের তাদের ডাকা হচ্ছে না। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক নীরজ জিমবো বলেছেন, “বিধায়ক তহবিল থেকে যে উন্নয়নমূলক কাজের জন্য তাঁরা অর্থ দিয়েছি তা থমকে রয়েছে, শুধু সরকারি অসহযোগিতায়। আমরা আমাদের যাবতীয় অভিযোগের কথা রাজ্যপালকে বিস্তারিত জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন যথার্থভাবে বিষয়টি দেখবেন।”

নীরজ জিমবো উপনির্বাচনে জয়ী হয়ে দার্জিলিংয়ের বিধায়ক হয়েছেন বিজেপির প্রতীকে। তাঁর সঙ্গে রাজ্য সরকারের বিরোধ স্বাভাবিক ঘটনা। কিন্তু, গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) দুটি শিবিরে বিভাজিত হয়ে যাওয়ার পর সরিতা রায় ও রোহিত শর্মা চলে যান বিনয় তামাংয়ের শিবিরে। বিনয় তামাং বর্তমানে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে চলছেন পাহাড়ের রাজনীতিতে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং পাহাড় ছাড়া হওয়ার পর তাদের তিন বিধায়ক রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে চলছিলেন। এমনকি ২০১৮ সালের রাজ্যসভা নির্বাচনে তারা তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছিলেন।
কিন্তু, ২০১৯ সালে দার্জিলিং লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার কারণে নিজের বিধায়ক পদ ছেড়ে দেন বিধায়ক অমর সিংহ রাই। ওই আসনেই জেতেন নীরজ জিমবো। সেই সময় কালিম্পংয়ের বিধায়ক সরিতা রাই ও কার্শিয়াংয়ের বিধায়ক রোহিত শর্মা ছিলেন বিনয় তামাং শিবিরে। লোকসভা ভোটে দার্জিলিংয়ের বিজেপির রাজু সিং বিস্তা (Raju Singh Bista) জয়ী হতেই ফের পাহাড়ের রাজনীতির সমীকরণে বদল ঘটে। সেই সময় সরিতা রাই তৃণমূল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়ে বিজেপি ঘনিষ্ঠ হতে থাকেন। রাজ্যপালের কাছে বিজেপি বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী অবস্থান সেই ঘটনা প্রমাণ করছে বলে মত উত্তরবঙ্গের রাজনৈতিক মহলের। এ বিষয় জানতে সরিতা রাইকে ফোন করা হলে তাঁর মোবাইল সুইচ অফ থেকেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এলেও পাহাড়ে যাননি। তাঁর নেতৃত্বের রাশ যে ক্রমশ আলগা হচ্ছে পাহাড়ে, সম্ভবত সে কথা ভেবেই তিনি দার্জিলিং যাননি বলেই মত রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news