নিজস্ব প্রতিনিধি :
জঙ্গলমহলে মুকুল রায়দের আধিপত্য প্রতিষ্ঠার দাবি তাহলে নেহাৎ কথার কথা নয়? নিয়ম মাফিক রাজনৈতিক বিবৃতি নয়? এই দাবির যে ভিত্তি আছে তা ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে প্রতিষ্ঠিত। তবে সেই ভিত্তি যে যথেষ্ট মজবুত, বৃহস্পতিবার তা প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
ঝাড়গ্রামের সভায় মমতার গলায় ধরা পড়ল আত্মবিশ্বাসের অভাব। সভায় মুখ্যমন্ত্রী বললেন,
“আমরা কোনও ভুল করলে বলবেন, আমরা সংশোধন করে নেব, দয়া করে সরে যাবেন না”।
আজ বিশ্ব আদিবাসী দিবস এবং ভারতছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সভা থেকে কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ছাত্রীদের সাইকেল এবং বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের সরকারি সহায়তা প্রদানও করেন। তবে শুধুমাত্র সাইকেল ও নয়া প্রকল্পের ঘোষণায় আর চিঁড়ে ভিজছে না বুঝেই মমতা কী সরাসরি ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার রাস্তা নিলেন! সেই প্রশ্ন উঠছে। পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফলাফলের কারন হিসেবে দলীয় সমীক্ষায় আদিবাসী সমাজের একটি অংশের মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি উঠে এসেছে। সেই মাথায় রেখেই মুখ্যমন্ত্রী সম্ভবত আদিবাসী সমাজের কাছে এক প্রকার আত্মসমর্পণ করলেন। বললেন, “আপনারা কোনও ভুল দেখলে আমাদের জানান, তা ঠিক করে নেওয়া হবে।” একদিকে ভুলের জন্য ক্ষমা চাইলেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই সরকার ৭ বছরে যা করেছে তা কেউ কোনও দিন করতে পারবে না।” যা শুনে মুকুল রায়ের বক্তব্য, “বিজেপিকে নার্ভাস বলা মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন নিজেই নার্ভাস? তাঁর বক্তব্যে এমন বৈপরীত্য কেন? একদিকে নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন আবার মেনেও নিচ্ছেন তাঁর দল জঙ্গলমহলের মানুষের সঙ্গে ভুল করেছে।”.মুকুল আরও বলেন, “ভুল নয়, ব্যবহার করে ছুঁড়ে ফেলা মমতার স্বভাব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news