নীল রায়:
প্রত্যাশা মতোই ভোটের মুখে নিজের ঘনিষ্ঠ পুলিশকর্তাদের বদলিতে কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক কদম এগিয়ে কমিশনকে বদলির সিদ্ধান্ত পূনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার রাতে পুলিশ কর্তাদের বদলির ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। দু’জন করে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের বদলিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বদলির সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। কমিশনকে তৃণমূল নেতৃত্বের আক্রমণ অবশ্য পশ্চিমবঙ্গের ভোটে কোন নতুন বিষয় নয়। এর আগে ২০১৪ সালের লোকসভা ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতারা তীব্র আক্রমণ করেছিলেন নির্বাচন কমিশনকে। এবারও ভোটের আগে থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণের কৌশল নেওয়া হয়েছিল। এদিন সেই সুর আরও কয়েক গুণ বাড়িয়ে নির্বাচন কমিশনের প্রতি নিজেদের মনোভাব স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, শুক্রবার রাতেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে নতুন নগরপাল করা হয় রাজেশ কুমারকে। রাজীব কুমাকে সরিয়ে অনুজ শর্মাকে কলকাতা পুলিশ কমিশনার পদে মাত্র ২ মাস আগেই নিয়োগ করা হয়েছিল। একইসঙ্গে বদলি করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকেও। তাঁর জায়গায় বিধাননগর পুলিশের কমিশনার করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। কমিশন সূত্রে খবর, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেয় কমিশন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে এ বিষয়ে কমিশন কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news