ওয়েব ডেস্ক:
প্রতিশ্রুতির বন্যা, মাহেশের রথযাত্রার উদ্বোধনে এসে কল্পতরু মুখ্যমন্ত্রী। কথা দিলেন, মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। যার জন্য সব মিলিয়ে ২৫ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, পুরীর পরেই দেশজোড়া খ্যাতি রয়েছে মাহেশের রথযাত্রার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসকনের রথযাত্রা উদ্বোধনেই দেখতে অভ্যস্ত রাজ্য। কিন্তু এবার মাহেশেও হাজির ছিলেন তিনি।
মাহেশের রথযাত্রায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মাহেশের নাটমন্দির, গেস্ট হাউস ও মূল চত্বরের সংস্কার হয়েছে। কিন্তু তা আরও ভালো করে করতে হবে। মানুষ যাতে সহজে মাহেশে আসতে পারে তার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে।
এরপরেই মুখ্যমন্ত্রী জানান, মাহেশের উন্নয়নে রাজ্য সরকার আগেই ১০ কোটি টাকা দিয়েছে। এলাকার উন্নয়নে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ করছে সরকার। যে অর্থের ব্যবহারে সংস্কার করা হবে জগন্নাথের মাসির বাড়ি সহ সমগ্র এলাকার। ইতিমধ্যেই ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, তারকেশ্বর মন্দিরের প্রভূত সংস্কার করা হয়েছে, এদিন মনে করিয়ে দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news