চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধি হতে পারে বলে সর্বদলীয় বৈঠকে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রীর বলেছেন, “গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশই লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পথে হাঁটছে। আপনারাও পরামর্শ দিয়েছেন লকডাউন তুলে নেওয়া ঠিক হবে না। ধাপে ধাপে এর থেকে বোরোতে হবে। তা ছাড়া জেলা শাসকদের থেকে সরকার যে রিপোর্ট পাচ্ছে, তাতেও বোঝা যাচ্ছে এখনই লকডাউন তুলে নেওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, “আগামী শনিবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আবার কথা বলবেন। সরকারের মধ্যেও উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনা হবে। তার পর সরকার জানাবে যে আগামী দিনে কী কী ব্যবস্থা নেওয়া হবে।”
দিল্লি প্রশাসনিক সূত্রে খবর আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে এই পর্যায়ে লকডাউনের মেয়াদ হতে পারে ৩০ এপ্রিল পর্যন্ত। এপ্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সবাইকেই বুঝতে হবে এটা একটা জাতীয় জরুরি অবস্থা। তাই কখনও কখনও কঠোর ও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কর্মসংস্কৃতিতেও আনতে হবে।” প্রধানমন্ত্রী বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পৃথিবী এবং তার পরের পৃথিবী যেমন এক নয় তেমনই করোনা পূর্ববর্তী অবস্থা এবং করোনা-উত্তর পরিস্থিতির মধ্যে অনেক ফারাক থাকবে। দুনিয়া অনেকটাই বদলে যাবে। অনেকটা বদলে যাবে মানুষের কাজের পদ্ধতিও।”
ছবি সৌজন্য: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news