চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে জেরবার মহারাষ্ট্র (Maharashtra)। তারই মধ্যে পুনে শহরে ৩৯ লক্ষ টাকার সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ। সূত্রের খবর, সিগারেটের খুচরা বিক্রেতা থেকে খবর পেয়ে হানা দেয় পুনের পুলিশ। ডিসিপি বচ্চন সিং জানিয়েছেন, লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য না হওয়া সত্বেও, সিগারেট বিক্রির তোড়জোড় চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ সিগারেট বাজেয়াপ্ত করে পুনে পুলিশের নারকটিকস সেলের আধিকারিকরা। সিগারেট বণ্টনের জন্য পাঁচ হাজার টাকা দামের সিগারেটের কার্টুন তৈরি করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই তা বাজেয়াপ্ত করল পুলিশ।
লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য না হওয়া সত্বেও সিগারেট বিক্রির অভিযোগে মামলা দায়ের হয়েছে। আইপিসির ১৮৮, ২৬৯, ২৭০ ও ২৭২ ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা দায়ের হয়েছে সিগারেটের পাইকারি বিক্রেতার বিরুদ্ধে। শশীকান্ত রামস্বরূপ চামদিয়া নামে ওই পাইকারি সিগারেট বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তাঁকে গ্রেফতার করা যায়নি। লকডাউন শেষ হলে তাঁকে পুলিশের সামনে তদন্তের স্বার্থে হাজির হতে বলা হয়েছে। এমন ঘটনার পর নয় শহরের পান দোকানগুলির ওপর নজরদারি করতে শুরু করেছে পুলিশ। কারণ সেই সমস্ত দোকান থেকেই সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় বলে জানিয়েছে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news