চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার সকালে বাংলা নববর্ষের দিন সকালে করোনার প্রভাবমুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সারা দেশ থেকে একটাই পরামর্শ আসছে, করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন বাড়ানো হোক। সেই কারণেই আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। ৩ মে পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন। লকডাউনের নিয়ম কঠোর ভাবে মেনে চলুন।” পাশাপাশি, আগামীকাল মঙ্গলবারই কোনও কোনও স্থানে লকডাউন শর্তসাপেক্ষে শিথিল করা যায় কিনা, সে বিষয়ে এক গাইডলাইন জারি করবে কেন্দ্রীয় সরকার।
Address to the nation. https://t.co/26sVP2br5n
— Narendra Modi (@narendramodi) April 14, 2020
২৪ মার্চ লকডাউন ঘোষণার জেরে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন বহু দিনমজুর, শ্রমিক। পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা প্রতিদিন রোজগার করেন এবং সেই টাকায় তাঁদের সংসার চলে, তাঁদের জন্যই সবচেয়ে বেশি চিন্তা। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন গাইডলাইন তৈরি হয়েছে।’’ নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘এই সময় রবিশষ্য কাটার মরশুম চলছে। ফলে কৃষকদের যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা চলছে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে।’’ এর থেকেই প্রশাসনিক মহলের অনুমান, কৃষিক্ষেত্রের একটা বড় অংশ ছাড় দেওয়া হতে পারে।
লকডাউনের জেরে খাদ্যসঙ্কট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশে ওষুধ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া করোনা মোকাবিলায় দেশে ৬০০ হাসপাতাল তৈরি রয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছোট উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে মোদী বলেছেন, ‘‘কাউকেই যেন এই সঙ্কটের সময় চাকরি থেকে বরখাস্ত না করা হয়।’’ করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news