চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর পত্র যুদ্ধ তুঙ্গে উঠেছে ! এই যুদ্ধে রাজ্য বিজেপি সরাসরি সমর্থন জানিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। কিন্তু এমন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচক কংগ্রেস ও বামফ্রন্ট কিছুটা দ্বিধাগ্রস্থ। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যপালের চিঠি নিয়ে তাদের মনে বিস্তর সংশয় দেখা দিয়েছে। সেই চিঠির একটি অংশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেছেন রাজ্যপাল। আর এখানেই রাজ্যপালের সঙ্গে মতপার্থক্য রয়েছে কংগ্রেস ও রাজ্যের বামপন্থী নেতাদের।
গতবছর আগস্ট মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannann) ও বাম পরিষদীয় দলের নেতা ড. সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)। নানা সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁর দ্বারস্থ হয়েছেন এই দুই নেতা। কিন্তু সংখ্যালঘু তোষণ নিয়ে রাজ্যপালের মন্তব্যকে তাঁরা কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর চিঠিতে রাজ্যের সংখ্যালঘু তোষণের কথা বলে একেবারেই উচিত কাজ করেননি বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ঘনিষ্ঠ মহলে রাজ্য কংগ্রেসের নেতারা বলছেন, এতদিন ধরে তৃণমূল যে অভিযোগ করে এসেছে রাজ্যপালের বিরুদ্ধে, এমন কথার উল্লেখ করে সেই অভিযোগটি সত্য বলে প্রমাণ করে দিয়েছেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের রাজ্যপালের চিঠিতে উঠে এসেছে বিজেপি নেতাদের ভাষা।
একই যুক্তি রাজ্যের বামফ্রন্ট নেতাদেরও। তাদের কথায়, পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা যে ভাষায় কথা বলেন তা প্রকাশ পেয়েছে রাজ্যপালের চিঠিতে। যা কোনওভাবেই সাংবিধানিক পদে থেকে বলা উচিত হয়নি জগদীপ ধনখড়ের। সঙ্গে তাদের আরও যুক্তি, করোনা ভাইরাসের সংক্রমনের কারণে পশ্চিমবঙ্গের অবস্থা বেহাল। এমতাবস্থায় নবান্ন (Nabanna) ও রাজভবনকে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তা না করে দুপক্ষই পরস্পরকে দোষারোপে নেমেছে। সঙ্গে রাজ্যপাল আবার সংখ্যালঘুদের কথা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে কার্যত সাংবিধানিক পদকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন।
কংগ্রেসের আর একটি অবশ্য এই ব্যাপারে সম্পূর্ণ একমত নয়। তাদের মতে সংখ্যালঘুদের সঙ্গে কংগ্রেসের যে নেতার দীর্ঘদিনের সুসম্পর্ক সেই সোমেন মিত্রও সংখ্যালঘুদের প্রতি মমতার আচরনকে সংখ্যালঘু সাম্প্রদায়িকতা বলেই উল্লেখ করেছিলেন। সংখ্যালঘুদের পাশে থাকা, তাঁদের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা আর তোষণ এক জিনিষ নয়।
রাজ্য বিজেপিরও একটি অংশের মত অনেকটা একই রকম। তাঁদের মতে বিজেপি কখনওই মুসলিম বিরোধী নয়। বিজেপি হিন্দু মুসলিম ভাগ না করে সকলকে ভারতীয় হিসেবে দেখে। এই অংশের মতে, বিজেপি মুসলিম বিরোধী এটি একটি ধারণা আর এই ধারণা এ দেশে সচেতন ভাবে লালন করা হচ্ছে ও মানুষের মাথায় ঢোকানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। সেই থেকে দেখলে, রাজ্যপালের বক্তব্য কোনও নির্দিষ্ট দলের বক্তব্য, এমন ভাবার কোনও কারন নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news