নীল রায়:
শুধু যোগদান নয়, তমলুক লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীও করা হল লক্ষ্মণ শেঠকে। বৃহস্পতিবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তাঁর হাতে কংগ্রেসের তেরঙ্গা পতাকা তুলে দেন। সঙ্গে ঘোষণা করেন লোকসভা ভোটে তমলুক আসন থেকে কংগ্রেসের প্রতীক দাঁড়াচ্ছেন লক্ষনই।
উল্লেখ্য, লক্ষ্মণ শেঠের দলে যোগদান নিয়ে আপত্তি ছিল প্রদেশ কংগ্রেসর একাংশের নেতৃত্বের। এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি বিরোধ করেছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর বিরোধের কারণে লক্ষণের কংগ্রেসে যোগদানে এত দেরি হল। এদিন যোগদানের পর এ প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, “রাহুল গাঁধী স্বয়ং লক্ষণের যোগদানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তিনি তাঁকে তমলুকে লোকসভা প্রার্থী করতে বলেছেন। তাই এখানে প্রদেশের নেতৃত্বে সিদ্ধান্ত বিষয় নেই।”
প্রসঙ্গত,লোকসভা ও বিধানসভা ভোটের ক্ষেত্রে প্রার্থীর নাম এআইসিসি থেকে ঘোষণা হওয়াই রেওয়াজ। কিন্তু লক্ষণের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি স্বয়ং এদিন প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, বাম জমানায় সুতাহাটা থেকে তিনবার বিধায়ক ও তমলুক লোকসভা থেকে তিনবার সাংসদ হয়েছেন লক্ষণ। ২০০৭ সালে নন্দীগ্রাম গণহত্যায় প্রধান অভিযুক্ত তিনিই। সিপিএম থেকে বহিষ্কারের পর বেশ কিছু দিন বিজেপিতে কাটিয়ে ছিলেন। মাঝে ভারত নির্মাণ পার্টি নামে রাজনৈতিক দল করেছিলেন একদা হলদিয়ার বেতাজ বাদশা। এদিন কংগ্রেসের যোগদানের পড়ে লক্ষণ বলেন, “আজ আমার ভালো লাগছে যে আমি এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলাম, যাদের ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস রয়েছে।” সঙ্গে দাবি করেন বিজেপিতে থাকাকালীন কোনও পদ নেননি তিনি। তাঁর হাতে গড়া ভারত নির্মাণ পার্টির কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news