চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“আমার বিশ্বাস কলকাতাই আবার ভারতকে নেতৃত্ব দেবে।” এমনটাই বললেন দেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (ICC)-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রীর। ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য পেশ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানেই তিনি বলেন, “গোটা বিশ্ব এখন এক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরাও সেই চ্যালেঞ্জের মুখেই দাঁড়িয়ে। সবাই একজোট হয়ে লড়ছি আমরা। ভারত এখন আত্মনির্ভর হওয়া শুরু করেছে। আমরা এই বিপদের মুহূর্তকে সুযোগে পরিণত করব। লড়াই চলছে। গোটা দেশকে নিজের পায়ে ফের দাঁড় করানো আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।” এরপরেই প্রধানমন্ত্রীর সংযোজন, “আগে প্রচলিত ছিল, বাংলা আজ যা ভাবে দেশ আগামী কাল তা ভাবে। তাই কলকাতাকে এগিয়ে আসতে হবে। বাংলার শিল্পপতিদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি বাংলার শিল্পপতিদের ক্ষমতা রয়েছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।”
Addressing the Indian Chamber of Commerce. Watch. https://t.co/5vc5Vtg7E2
— Narendra Modi (@narendramodi) June 11, 2020
করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতিতে ভারতকে আত্মনির্ভর হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকালকে ভোকাল করার তাঁর বার্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আত্মনির্ভর ভারত প্রকল্পে সরকার ব্যবসা সহায়ক বহু পদক্ষেপ ঘোষণা করেছে। আপনার তার সুযোগ নিন। নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন। সরকার আপনাদের সব রকম সাহায্য করবে।’’ মোদী বলেছেন, “আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রথম ধাপ এগিয়েছি। আত্মনির্ভর ভারত গড়ার কাজ শুরু হয় পরিবারের মধ্যে থেকেই। পরিবারই আমাদের শেখায় নিজের পায়ে দাঁড়ানোর উপায়। দেশকে আত্মনির্ভর করার উপায় হল বিদেশের প্রতি কম নির্ভরতা। সেই লক্ষ্যেই এগোচ্ছি আমরা।”
দেশের সংকটময় পরিস্থিতিতে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এই সভার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘‘এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের মতো সমস্যা রয়েছে।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news