নীল রায়।
দলের ক্রাইসিস ম্যানেজার তিনি! কলকাতার মেয়র পদে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ করেছেন। এমন সময় ডাক পড়ে তাঁর। হুগলি জেলায় অরূপ বিশ্বাসের পর্যবেক্ষণে দল মুখ থুবড়ে পড়েছে লোকসভা ভোটে। দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। তাই নেত্রীর নির্ভরযোগ্য সৈনিকদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতেই আসে। নির্বাচনী বিপর্যয়ের পর ভোটগুরু প্রশান্ত কিশোরের কথায় রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিদের নিচুতলার কর্মীদের বাড়িতে রাতে থাকা-খাওয়ার নিদান দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মত সোমবার রাতে রাজ্যের প্রথমসারির হাইপ্রোফাইল মন্ত্রী ফিরহাদ হাকিম গেলেন গার্ডেনরিচ এলাকায় নিচু তলার কর্মীর বাড়িতে থাকতে।
এদিন রাতে কলকাতা পুর নিগমের ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচের ধানখেতি এলাকায় পৌঁছান ফিরহাদ। তাঁর সঙ্গে ছিলেন জামাতা ইয়াসির হায়দার। প্রথমে পার্টি অফিসে বসে দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নেন। খোঁজ নেন এলাকার পরিস্থিতির। পরে এলাকার নিচুতলার তৃণমূল কর্মী ইসরাত বেগমের বাড়িতে যান তিনি। সেখানেই হাতে তৈরি রুটি ও তরকারি খান তৃণমূল কর্মীর পরিবার পরিজনদের সঙ্গে। তাঁদের বাচ্চাদের নিয়ে খানিক মস্করাও করেন ফিরহাদ।লুঙ্গি ও গেঞ্জি গায়ে কার্যত ইসরাত বেগমের পরিবার পরিজনদের সঙ্গে মিশে গল্পে মেতে ওঠেন। পরে সেখানেই ঘুমোন কলকাতার মেয়র।
কলকাতা ও শহর লাগোয়া ১৩টি বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ ৮ জন মন্ত্রী রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খান, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাধন পান্ডে ও শশী পাঁজার মধ্যে কেউই এখনও নেত্রীর নির্দেশ পালনে উদ্যোগী হননি। সেদিক থেকে রাজ্যের হাইপ্রোফাইল মন্ত্রীদের কাছে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রীই পথিকৃৎ বলা চলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news