নিজস্ব সংবাদদাতাঃ
মাঝেরহাট ব্রিজ ভাঙার পর এবং মুখ্যমন্ত্রীর নড়চড়ে বসার পরে প্রশাসনিক স্তরে অনেক কিছুই হচ্ছে আপাতত, যা আগে দেখা যায়নি। দেখা গেলে হয়তো মাঝেরহাট কাণ্ড ঘটত না। সাধারণ মানুষকে মরতেও হত না। যাই হোক, তবুও তো চোর পালানোর পর বুদ্ধি বাড়ল। তাই এবার আগাম সতর্কতা অবলম্বনের পথে কলকাতা পুরনিগম৷ কলকাতা পুরনিগম শহরে তাদের সব সম্পত্তির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল৷ মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার সব বিভাগের ডিজিদের নিয়ে এই সংক্রান্ত আলোচনা করেছেন ইতিমধ্যে৷ নিগমের প্রতিটি বিভাগের ডিজিদের অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷
বৈঠকে ফুট ওভার ব্রিজ, পুরস্কুল, পুরবাজার,পাম্পিং স্টেশন, জলাধার, পে এন্ড ইউস টয়লেট, কোয়ার্টার সহ সব পুরসম্পত্তির স্বাস্থ্য পরীক্ষা করে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শহরে সেতু বিপর্যয়ের পর পুরসভার সব ভবন ও ফুট ওভার ব্রিজের স্বাস্থ্য নিয়ে ভাবনার কথা মাথায় আসে পুরকর্তাদের। সবকটি ক্ষেত্রেই বরাবরই নজরদারির অভাব রয়ে গেছে তা মেনেই দ্রুত রক্ষণাবেক্ষণের কাজে হাত লাগাতে চাইছেন পুরকর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news