সূর্য সরকার:
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের দু’প্রান্তে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার পঞ্চসায়র থানার অধীন ডিপিকে কালীবাড়ি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয় আলপনা বিশ্বাস নামে এক প্রৌঢ়ার। জানা যায়, বুধবার রাতে পুকুরটি থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, স্থানীয় লোকজন ও প্রৌঢ়ার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি কিছু মেলেনি। প্রৌঢ়ার দেহেও কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তদন্তকারীরা মনে করছেন সন্ধ্যার সময় পুকুরে স্নান করতে নেমে দুর্ঘটনাবশত ওই প্রৌঢ়ার ডুবে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর কলকাতা বড়বাজার এলাকায়। বৃহস্পতিবার কাকভোরে বড়বাজার থানার অন্তর্গত রূপচাঁদ রায় স্ট্রিটের মদন মোহন মন্দিরের একাংশ ভেঙে পড়ে। তাতেই গুরুতর আহত হন দুর্গাচরণ বারিক নামে এক প্রৌঢ় শ্রমিক। তাঁকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই মন্দিরে প্রতিদিন রাতে ঘুমোতেন দুর্গাচরণ বারিক ও কয়েকজন। বুধবার রাতেও তারা মন্দিরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে আচমকা ওই মন্দিরের একাংশ ভেঙে পড়ে। বাকিরা রক্ষা পেলেও ওই প্রৌঢ় চাপা পড়েন ভেঙে পড়া ধ্বংসস্তূপের তলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news